Advertisement
Us Bangla Airlines
পাকিস্তান দল থেকে বাদ রিজওয়ান, স্কোয়াডে আছেন যারা

পাকিস্তান দল থেকে বাদ রিজওয়ান, স্কোয়াডে আছেন যারা

খেলা ডেস্ক

২২ মে ২০২৬, ১৭:৩০

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্যের স্কোয়াডে আছে বড় চমক। জায়গা হয়নি অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। তবে দলে ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম।

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না বাবর। এরপর পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশ সফরের টেস্ট সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আবারও ওয়ানডে দলে জায়গা করে নিলেন এই ডানহাতি ব্যাটার।

৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে পাকিস্তান দলে দেখা যাবে তিন নতুন মুখকেও। প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস এবং ফাস্ট বোলার আহমেদ দানিয়াল।

দলের নেতৃত্বে থাকছেন শাহীন শাহ আফ্রিদি। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা। শুধু বাবরই নন, পাকিস্তান ফিরিয়ে এনেছে আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার শাদাব খান ও নাসিম শাহকে। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সর্বশেষ ঘরের ওয়ানডে সিরিজে খেলেছিলেন বাবর ও নাসিম।

পিএসএলে দুর্দান্ত বোলিং করে আলোচনায় আসা রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও ফিরেছেন ওয়ানডে দলে। পেশোয়ার জালমির হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা বোলার হয়েছিলেন তিনি। এর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান ছয় ক্রিকেটারকে অভিষেক করিয়েছিল। সেই দল থেকে এবার বাদ পড়েছেন ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন এবং সুফিয়ান মুকিম।

এমআই