Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশকে টি-টোয়েন্টি খেলা শিখিয়ে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

বাংলাদেশকে টি-টোয়েন্টি খেলা শিখিয়ে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

২১ জুন ২০২৬, ১৭:০৮

১১০ রান করতে অস্ট্রেলিয়া বেশি সময় নষ্ট করলো না। ৫৪ বল আর ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছেছে। পাশাপাশি টি-টোয়েন্টি ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটাও টাইগারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সফরকারীরা। তাতে টানা তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশে ডুবেছে বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৮৯ রান করলেও জয় পায়নি লাল-সবুজের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে দ্বিতীয়বারের দেখায় বাংলাদেশের এটি প্রথম হার। এবার শেষ ম্যাচে ব্যাটিং ধসে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো বাংলাদেশ।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউট হন তামিম, একই ওভারে ফিরেন সাইফ হাসান। ডটের বন্যা বইয়েও এক রানের বেশি করতে পারলেন না ইমন। তাতে প্রথম পাঁচ ওভার শেষে ৩ উইকেটে মাত্র ১১ রান তোলে বাংলাদেশ।

নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী ও রিশাদ হোসেনও ইনিংস বড় করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। এমন পরিস্থিতিতে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান অধিনায়ক তাওহীদ হৃদয়। 

তার অপরাজিত ৬১ রানের ইনিংস এবং শেষদিকে শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে গড়া ছোট ছোট জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার দিনে হৃদয় ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রীতিমতো ঝড় তোলে অস্ট্রেলিয়া। শরিফুলের করা ওভারে ৪ বাউন্ডারিতে আসে ১৭ রান। এমন বাজে শুরুর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে মিচেল মার্শ একাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন। এই ওপেনার ২৮ বলে করেছেন ৬০ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।