বাংলাদেশের দায়িত্ব ছেড়ে যা বললেন শন টেইট
খেলা ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৮:১৮
গুঞ্জনটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন শন টেইট। বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা। দায়িত্ব গ্রহণের পর থেকেই জাতীয় দলের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করেন তিনি। তার অধীনে নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মতো পেসাররা নিজেদের পারফরম্যান্সে ধারাবাহিক উন্নতির ছাপ রেখেছেন।
বাংলাদেশ অধ্যায়ের ইতি টেনে টেইট বলেছেন, ‘বাংলাদেশ দলের মেধাবী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা আমার জন্য গর্বের বিষয় ছিল। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে বিসিবির সহযোগিতা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ।’

বিদায়ের ক্ষণে বাংলাদেশের পেসারদের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। টেইটের ভাষায়, ‘পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আমি বিশ্বাস করি, তারা আগামী দিনে আরও অনেক সাফল্য অর্জন করবে।’
বিসিবির সঙ্গে টেইটের চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তাই তার বিদায় অনেকের কাছেই কিছুটা বিস্ময়ের। পারিবারিক কারণকে সামনে এনে দায়িত্ব ছাড়লেও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে আলোচনা। বিভিন্ন সূত্রের দাবি, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের ফাস্ট বোলিং কোচের পদে যোগ দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সাক্ষাৎকার দিয়েছেন তিনি।
এদিকে টেইটের বিদায়ের পর আপাতত জাতীয় দলের পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন সাবেক পেসার তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে তাকে এই ভূমিকায় দেখা যেতে পারে। বিকল্প কোচ নিয়োগ না হলে জিম্বাবুয়ে সিরিজেও দায়িত্ব পালন করবেন তিনি। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।