ম্যাচ হারের পর ৩৮ লাখ টাকা জরিমানার শঙ্কায় অস্ট্রেলিয়া
খেলা ডেস্ক
১৭ আগস্ট ২০২৬, ১৩:৪৬
বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের ধাক্কা সামলানোর আগেই অস্ট্রেলিয়া দলে নতুন দুশ্চিন্তা। ধীরগতির ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে পারেন প্যাট কামিন্সরা। সব মিলিয়ে জরিমানার অঙ্কটা হতে পারে প্রায় ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা।
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নির্ধারিত ৯০ ওভারের চেয়ে ৪ ওভার কম বোলিং করেছে অস্ট্রেলিয়া। প্রথম দিন শেষে বাংলাদেশের স্কোর ছিল ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান। দ্বিতীয় দিন শেষে তারা পৌঁছে যায় ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রানে। অর্থাৎ সেদিন খেলা হয়েছে ৮৬ ওভার।
আইসিসির নিয়ম অনুযায়ী, টেস্টে প্রতি ঘণ্টায় ১৫ ওভার বোলিং করতে হয়। দিনে নির্ধারিত ৯০ ওভারের কোটা পূরণ করতে না পারলে প্রতি ওভার কমের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। অস্ট্রেলিয়ার একজন টেস্ট খেলোয়াড়ের ম্যাচ ফি ২০ হাজার ডলার। এর ৫ শতাংশ ১ হাজার ডলার।
চার ওভার কম বল করায় প্রত্যেকের জরিমানা হবে ৪ হাজার ডলার। দলের ১১ খেলোয়াড়ের হিসাবে মোট জরিমানা হতে পারে ৪৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা। তবে ভেন্যুর তাপমাত্রা, আর্দ্রতা ও উইকেট পতনের মতো বিষয় বিবেচনা এই শাস্তি কমতেও পারে।
জরিমানার পাশাপাশি আরও বড় শঙ্কা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হারানোর। ধীরগতির ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার ৪ পয়েন্ট কাটা যেতে পারে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে তারা।
বাংলাদেশও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে নির্ধারিত ওভার রেটের চেয়ে পিছিয়ে ছিল। তবে সেখানে নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কাজে দিয়েছে। অস্ট্রেলিয়া মাত্র ৫৩ ওভারে অলআউট হওয়ায় বাংলাদেশের ক্ষেত্রে শাস্তি প্রযোজ্য হচ্ছে না।
এমআই