‘এ বছর বিপিএল হচ্ছে না’, ঘোষণা দিলেন তামিম
খেলা ডেস্ক
২০ আগস্ট ২০২৬, ১৮:৩৫
বিপিএল নিয়ে এবার আর কোনো সংশয় থাকল না। চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তবে এটি বিপিএলের বিদায় নয়, বরং টুর্নামেন্টকে নতুন কাঠামোয় ফেরানোর প্রস্তুতি।
গত দুই আসরে আর্থিক ক্ষতির হিসাবই এবার বড় হয়ে দেখা দিয়েছে। বিসিবির হিসাবে, দুই বছরে বিপিএল আয়োজন করে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। এমন বাস্তবতায় তাড়াহুড়ো করে আরেকটি আসর আয়োজন করে ক্ষতির বোঝা বাড়াতে চান না বোর্ড সভাপতি।
বিপিএল নিয়ে আলোচনায় তামিম সরাসরিই জানিয়ে দিয়েছেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে লাভ করার কথা বিসিবির, লোকসান নয়। তাই বর্তমান সমস্যাগুলো সমাধান না করে শুধু টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজন করতে চান না তামিম।
‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়,’ বলেন বিসিবি সভাপতি।
তবে বিপিএল বন্ধ হয়ে যাচ্ছে, এমন কোনো আশঙ্কা নেই। বরং আগামী বছর আরও গোছানো ও টেকসই কাঠামোয় টুর্নামেন্ট ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। প্রয়োজনে সেই প্রস্তুতিতে ছয় মাস কিংবা এক বছর সময় নিতেও আপত্তি নেই তামিমের।
‘আমাদের এটা করার শতভাগ ইচ্ছা আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব,’ বলেন তিনি।
এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বিসিবি। বিভিন্ন দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি ও অন্যান্য জটিলতা ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী আসরের জন্য অনেক আগেই ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি প্রক্রিয়া শেষ করতে চায় বিসিবি। শেষ মুহূর্তে দল চূড়ান্ত করার পুরোনো পদ্ধতি থেকে বেরিয়ে এসে এবার হাতে যথেষ্ট সময় রাখতে চাইছে বোর্ড। কোনো ফ্র্যাঞ্চাইজি শেষ মুহূর্তে সরে গেলে যেন বিকল্প ব্যবস্থা করার সুযোগ থাকে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
এমআই