Advertisement
Us Bangla Airlines
এমন রেকর্ডে পাকিস্তানের ধারেকাছেও নেই কোনো দল

এমন রেকর্ডে পাকিস্তানের ধারেকাছেও নেই কোনো দল

খেলা ডেস্ক

২২ আগস্ট ২০২৬, ১৯:৫৯

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার তালিকায় যোগ হলো আরও একটি বিব্রতকর রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলেতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পথে এমন এক কীর্তি গড়েছে পাকিস্তান, যে রেকর্ডে তাদের ধারেকাছেও নেই আর কোনো দল।

একই টেস্টের দুই ইনিংসেই দলীয় শূন্য রানে প্রথম উইকেট হারানোর ঘটনা পাকিস্তানের ক্ষেত্রে ঘটল সপ্তমবার। টেস্ট ইতিহাসে কোনো দলের এমন বিব্রতকর অভিজ্ঞতা এতবার হয়নি। ৫ বার এমন লজ্জার সাক্ষী হয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৪ বার, ভারত ২ বার এবং নিউজিল্যান্ড একবার এমন লজ্জায় পড়েছে।

প্রথম ইনিংসে দলীয় ০ রানেই ওলি রবিনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন আজান আওয়াইস। দ্বিতীয় ইনিংসেও ছবিটা বদলায়নি। এবার জোফরা আর্চারের বলে একই দলীয় শূন্য রানে আউট হন ইমাম-উল-হক। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা শুধু এই রেকর্ডেই থেমে থাকেনি।

প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ইংলিশ পেসারদের সামনে অসহায় হয়ে পড়ে সফরকারীরা। মাত্র ৩৮ ওভারে ১৩৫ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে রিজওয়ানের ৪১ রানের পরেও ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ শুরু করে পাকিস্তান।

ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ওলি রবিনসন। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করেন তিনি। প্রথম ইনিংসে ৫১ রানে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন এই পেসার। তার সঙ্গে পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামাতে বড় ভূমিকা রেখেছেন জশ টাং।

এমআই