Advertisement
Us Bangla Airlines
এসিসিতে বুলবুলের দায়িত্বে তামিম, সভাপতি হচ্ছেন কে?

এসিসিতে বুলবুলের দায়িত্বে তামিম, সভাপতি হচ্ছেন কে?

খেলা ডেস্ক

২৪ আগস্ট ২০২৬, ১২:৪৯

এশিয়ার ক্রিকেটে নেতৃত্বের পালাবদল। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্তে সভাপতি হওয়ার দৌড়ে আফগানিস্তান। এতদিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে ঘুরে ঘুরে দায়িত্ব বণ্টন হলেও এবার সেই বৃত্তে ঢুকে পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

নতুন নিয়মে আগামী দুই বছরের জন্য এসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ। সাবেক এই আফগান ক্রিকেটার বর্তমানে দেশটির ক্রিকেট প্রশাসনের শীর্ষ দায়িত্বে রয়েছেন। তবে আফগানিস্তান দায়িত্ব না নিলে এসিসির সর্বোচ্চ দায়িত্ব পেতেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তবে সভাপতির চেয়ার বাংলাদেশের জন্য না এলেও এসিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব ঠিকই এসেছে তামিম ইকবালের হাতে। বিসিবি সভাপতি হিসেবে এই প্রথম এসিসির সভায় অংশ নিয়েই গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

তামিমের নতুন দায়িত্বের সঙ্গে অবশ্য বাংলাদেশের ক্রিকেটের পরিচিত একটি নামও জড়িয়ে আছে। এর আগে দুই বছরের জন্য এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ছিলেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর সেই দায়িত্বও হারান তিনি। এবার তার জায়গায় দায়িত্ব পেলেন তামিম।

সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বসম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাহী বোর্ডে কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকেও নতুন সদস্য নির্বাচিত হয়েছেন।

এমআই