Advertisement
Us Bangla Airlines
নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

২৭ আগস্ট ২০২৬, ১৭:৪৫

মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন ব্যাটাররা। শুরুতে সেই মঞ্চে ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় লেগেছিল বোলারদের। তবে মিডলওভারে এসে বদলে গেল পুরো চিত্র। মিতব্যয়ী বোলিংয়ের সঙ্গে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল বাংলাদেশ। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ‘এ’ দলকে ২৩ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ এইচপি।

ডারউইনে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ এইচপি। শুরুতেই জিসান আলমকে শূন্য রানে হারালেও এরপর ঘুরে দাঁড়ায় দল। হাবিবুর রহমান সোহানের পর আরিফুল ইসলাম ও সাব্বির রহমানের ব্যাটে গতি পায় বাংলাদেশের ইনিংস। দুই ব্যাটারের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা।

জবাবে শুরুটা দুর্দান্তই ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। প্রথম ৮ ওভারে ৮০ রানের বেশি তুলে জয়ের পথেই এগোচ্ছিল তারা। কিন্তু এরপরই গল্পটা পাল্টে দেন রাকিবুল। তার জোড়া আঘাতে হঠাৎ ছন্দ হারায় কিউইরা। মাত্র আট বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বসে তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’।

এর আগে বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরিফুল ও সাব্বির। ২১ বলে ২৬ রান করে সোহান ফিরে যাওয়ার পর এক প্রান্ত আগলে রাখেন আরিফুল। অধিনায়ক ইরফান শুক্কুর ৩ রান করে ফিরলেও আরিফুলের সঙ্গে জুটি বেঁধে ইনিংসকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান সাব্বির।

সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪৮ বলে ৭১ রান করে থামেন আরিফুল। তার ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা। অন্য প্রান্তে ঝড় চালানো সাব্বির ৬টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের চাপে ফেলেছিল নিউজিল্যান্ড ‘এ’। তবে মিডলওভারে রাকিবুলের ঘূর্ণিতে হঠাৎই এলোমেলো হয়ে যায় কিউই ব্যাটিং। মাত্র আট বলের মধ্যে তিন উইকেট হারানো দলটি এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।

শেষদিকে জশ ক্লার্কসন একাই লড়াই চালিয়ে গেলেও পাননি যথেষ্ট সঙ্গ। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি যেতে পারেনি নিউজিল্যান্ড ‘এ’। বাংলাদেশ পায় ২৩ রানের জয়।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রাকিবুল ও রিপন মন্ডল। দুজনেই শিকার করেছেন ৩টি করে উইকেট। মোহাম্মদ রুবেল ও আবদুল গাফফার সাকলাইন নিয়েছেন একটি করে উইকেট।

এমআই