Advertisement
Us Bangla Airlines
পুরোনো কোচকে নিয়োগ দিল তামিমের বোর্ড

পুরোনো কোচকে নিয়োগ দিল তামিমের বোর্ড

খেলা ডেস্ক

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৯

বাংলাদেশ ক্রিকেটে এখন পেসারদের দাপট। গতির ঝড় তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি চোটের ধাক্কাও সামলাতে হচ্ছে পেসারদের। ফলে জাতীয় দলের পেসারদের ফিটনেস ও পুনর্বাসন প্রক্রিয়ায় আরও কার্যকর ব্যবস্থাপনার প্রয়োজন দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগের অংশ হিসেবে পুরোনো কোচকেই আবার ফিরিয়ে আনছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড।

বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে প্রায় ছয় বছর কাজ করেছিলেন শ্রীলঙ্কার কোচ মারিও ভিল্লাভারায়ন। এবার তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারের দায়িত্ব দিতে যাচ্ছে বিসিবি। অর্থাৎ সম্প্রতি দায়িত্ব ছাড়া জুলিয়ান কালেফাতোর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ভিল্লাভারায়ন।

পেসারদের কেউ চোটে পড়লেই তাদের পুনর্বাসনের জন্য পাঠানো হয় রিহ্যাবিলিটেশন সেন্টারে। তবে সেখানে পর্যাপ্ত সহযোগিতা ও কার্যকর প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন উঠছিল বেশ কিছুদিন ধরেই। নাহিদ রানা, শরিফুল ইসলামদের মতো পেসারদের চোট কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ায় সেই ঘাটতি পূরণেই অভিজ্ঞ ভিল্লাভারায়নের ওপর আস্থা রাখছে বিসিবি।

নতুন দায়িত্বে এখন থেকে চোটে পড়া ক্রিকেটারদের পুনর্বাসন প্রক্রিয়ার দেখভাল করবেন এই শ্রীলঙ্কান কোচ। তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্রিকেটারদের দ্রুত ও নিরাপদে মাঠে ফেরানোর পরিকল্পনা বিসিবির।

নতুন দায়িত্ব নিতে আগামীকাল বাংলাদেশে পা রাখার কথা রয়েছে মারিও ভিল্লাভারায়নের। আপাতত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এবার তার সামনে চ্যালেঞ্জ শুধু পেসারদের ফিট রাখা নয়, চোটে পড়া ক্রিকেটারদের সঠিক পুনর্বাসনের মাধ্যমে দ্রুত মাঠে ফেরানোর কার্যকর ব্যবস্থা গড়ে তোলা।

এমআই