রফিকের যে রেকর্ড ভাঙতে পারবে না আর কেউ!
খেলা ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২
বাংলাদেশ ক্রিকেটে কত রেকর্ডই তো হয়েছে, কত কীর্তিই লেখা হয়েছে সময়ের পাতায়। কিন্তু এমন একটি রেকর্ড আছে, যেটির মালিকানা এখন থেকে চিরকালই একজনের। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের পক্ষে সেই কীর্তির পুনরাবৃত্তি করা সম্ভব নয়। সেই কীর্তির একমাত্র মালিক মোহাম্মদ রফিক।
জাতীয় দলের জার্সিতে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি, তিন সংস্করণেই বাংলাদেশের প্রথম জয়ের সাক্ষী ছিলেন এই কিংবদন্তি। সময় বদলেছে, ক্রিকেট বদলেছে, এসেছে নতুন প্রজন্ম। কিন্তু রফিকের এই কীর্তি আর কারও পক্ষে ছোঁয়া সম্ভব নয়।
পুরান ঢাকার কেরানীগঞ্জ থেকে উঠে আসা রফিকের ক্রিকেটযাত্রা ছিল সহজ নয়। দারিদ্র্যের সঙ্গে লড়াই, পরিবারের চোখ এড়িয়ে ক্রিকেটে পড়ে থাকা, সবকিছু পেরিয়েই তিনি জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলে। পরে হয়ে উঠেছিলেন দেশের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার, সঙ্গে ব্যাট হাতেও ছিলেন ভয়ংকর।
গল্পের প্রথম অধ্যায় ১৯৯৮ সালে। কেনিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। ইতিহাসগড়া সেই ম্যাচে ওপেন করতে নেমে রফিক খেলেছিলেন ৭৭ রানের দুর্দান্ত ইনিংস। বল হাতেও ছিলেন সফল, নিয়েছিলেন ৩ উইকেট। ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছিল তাঁর হাতে।
এরপর আসে টেস্ট ক্রিকেটের অধ্যায়। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম জয়ের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল বাংলাদেশকে। সেই অপেক্ষার অবসান ঘটে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ঐতিহাসিক সেই ম্যাচে রফিক ব্যাট হাতে করেন ৮৩ রান, এরপর বল হাতে তুলে নেন পাঁচ উইকেটের ঝলক। বাংলাদেশের প্রথম টেস্ট জয়েও তাই জড়িয়ে থাকে তাঁর নাম।
ক্যারিয়ারের শেষদিকে এসে টি-টোয়েন্টির যুগে পা রাখেন রফিক। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই আসে জয়। ২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়ের সেই ম্যাচেও অবদান রাখেন রফিক। ব্যাট হাতে করেন ১৩ রান, বল হাতে নেন ১ উইকেট।
তিন সংস্করণে বাংলাদেশের প্রথম জয়, আর তিনটিতেই একাদশে ছিলেন মোহাম্মদ রফিক। ক্রিকেট যতই এগিয়ে যাক, নতুন নতুন তারকা যতই রেকর্ডের পর রেকর্ড গড়ুন, এই জায়গাটিতে রফিক থাকবেন একাই। এমন কীর্তি আর কারো পক্ষে ছোঁয়া সম্ভব নয়।
এমআই