এশিয়ান গেমসে বাংলাদেশের খেলা কবে, দেখে নিন সূচি
খেলা ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫
আসন্ন এশিয়ান গেমসে ক্রিকেটের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ১৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে হবে নারী ও পুরুষ ক্রিকেটের সব ম্যাচ। প্রতিযোগিতার সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
নারী ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ সেপ্টেম্বর সকাল ৯টায়, চীনের বিপক্ষে। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং ভারত-জাপানের ম্যাচ হবে। নারী বিভাগের সেমিফাইনাল ২০ সেপ্টেম্বর, আর ব্রোঞ্জ ও সোনার পদকের ম্যাচ ২২ সেপ্টেম্বর।
পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে শুরু করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ২৯ সেপ্টেম্বর দুপুর ২টায়, প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের প্রথম দল। একই দিন সকাল ৯টায় শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপের প্রথম দলের বিপক্ষে।
পুরুষ বিভাগের সেমিফাইনাল হবে ১ অক্টোবর। এরপর ৩ অক্টোবর সকাল ৯টায় ব্রোঞ্জ পদকের ম্যাচ এবং দুপুর ২টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হতে পারে শুধু ব্রোঞ্জ অথবা সোনার পদকের ম্যাচে।
২০২৩ সালের এশিয়ান গেমসে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। পুরুষ বিভাগে আফগানিস্তান রৌপ্য এবং বাংলাদেশ ব্রোঞ্জ জিতেছিল। নারী বিভাগে শ্রীলঙ্কা রৌপ্য পেয়েছিল, আর পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি
নারী ক্রিকেট
১৭ সেপ্টেম্বর, সকাল ৯টা: বাংলাদেশ বনাম চীন
১৭ সেপ্টেম্বর, দুপুর ২টা: পাকিস্তান বনাম থাইল্যান্ড
১৮ সেপ্টেম্বর, সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া
১৮ সেপ্টেম্বর, দুপুর ২টা: ভারত বনাম জাপান
২০ সেপ্টেম্বর, সকাল ৯টা: সেমিফাইনাল ১
২০ সেপ্টেম্বর, দুপুর ২টা: সেমিফাইনাল ২
২২ সেপ্টেম্বর, সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
২২ সেপ্টেম্বর, দুপুর ২টা: ফাইনাল
পুরুষ ক্রিকেট
গ্রুপ পর্ব: ২৪-২৬ সেপ্টেম্বর
কোয়ার্টার ফাইনাল
২৮ সেপ্টেম্বর, সকাল ৯টা: পাকিস্তান বনাম বি-২
২৮ সেপ্টেম্বর, দুপুর ২টা: ভারত বনাম এ-২
২৯ সেপ্টেম্বর, সকাল ৯টা: শ্রীলঙ্কা বনাম এ-১
২৯ সেপ্টেম্বর, দুপুর ২টা: বাংলাদেশ বনাম বি-১
১ অক্টোবর, সকাল ৯টা: সেমিফাইনাল ১
১ অক্টোবর, দুপুর ২টা: সেমিফাইনাল ২
৩ অক্টোবর, সকাল ৯টা: ব্রোঞ্জ পদকের ম্যাচ
৩ অক্টোবর, দুপুর ২টা: ফাইনাল
এমআই