Advertisement
Us Bangla Airlines
বড় চ্যালেঞ্জের মুখে তামিমের বোর্ড

বড় চ্যালেঞ্জের মুখে তামিমের বোর্ড

খেলা ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:১০

আগস্টে অস্ট্রেলিয়া সিরিজ, সেপ্টেম্বরে এশিয়ান গেমস, এরপর একের পর এক টেস্ট ও ওয়ানডে। সামনে বাংলাদেশের ক্রিকেটে অপেক্ষা করছে টানা ব্যস্ততা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ভিন্ন ভিন্ন ফরম্যাটে খেলতে হবে টাইগারদের। সূচির চাপে ক্রিকেটারদের চোটের ধকল সামলানোই তামিমের বোর্ডের জন্য এখন বড় চ্যালেঞ্জ।

সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় কিছুটা স্বস্তির সময় পেয়েছিল বাংলাদেশ। তবে মাসের শেষ দিক থেকেই শুরু হচ্ছে ব্যস্ততার নতুন অধ্যায়। ২৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসে টি-টোয়েন্টি দিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠলে ৪ অক্টোবর পর্যন্ত খেলতে হবে।

এর মাত্র পাঁচ দিন পর, ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়ান গেমস শেষ করে অল্প সময়ের মধ্যেই ক্রিকেটারদের মানিয়ে নিতে হবে টেস্টের সাদা পোশাকে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট পাঁচ দিনে গড়ালে শেষ হবে ১৩ অক্টোবর। এরপর বিশ্রামের সুযোগ মিলবে মাত্র তিন দিন। ১৭ অক্টোবর থেকেই শুরু হবে আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ।

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ২৩ অক্টোবর। বাংলাদেশ সেখানে উঠলে ২৪ অক্টোবর দেশে ফেরার কথা। কিন্তু তখনও বিশ্রামের সুযোগ নেই। কারণ এর মধ্যেই বাংলাদেশে পৌঁছে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর ঢাকায় আসবে ক্যারিবিয়ানরা।

২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ৫ নভেম্বর সিলেটে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা। অর্থাৎ আমিরাতে ওয়ানডে খেলে দেশে ফিরে মাত্র কয়েক দিনের মধ্যেই আবার টেস্ট ক্রিকেটে ফিরতে হবে বাংলাদেশকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজও যদি নির্ধারিত পাঁচ দিনে শেষ হয়, দ্বিতীয় টেস্ট শেষ হবে ৯ নভেম্বর। এরপরও বিশ্রামের সুযোগ নেই। ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামার কথা বাংলাদেশের। অর্থাৎ ক্যারিবিয়ান সিরিজ শেষ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই আরেকটি টেস্ট সিরিজের জন্য বিদেশে পাড়ি দিতে হবে টাইগারদের।

এই ব্যস্ততা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। টানা ম্যাচের ধকল, বারবার ফরম্যাট বদল এবং এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ, সব মিলিয়ে ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখাই হবে বড় কাজ। এর মধ্যে সবচেয়ে বড় শঙ্কা ইনজুরি।

টানা পাঁচ টেস্টের ধকল সামলাতে গিয়ে ক্রিকেটারদের চোটের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে টি-টোয়েন্টি থেকে টেস্ট, আবার টেস্ট থেকে ওয়ানডেতে দ্রুত মানিয়ে নেওয়ার চাপও থাকবে। তাই শুধু মাঠের পারফরম্যান্স নয়, ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনাও এখন বিসিবির বড় দায়িত্ব।

এত অল্প সময়ে এতগুলো ম্যাচে সেরা দল ও সেরা ক্রিকেটারদের কীভাবে সতেজ রাখা যায়, সেই পরিকল্পনাই তামিমের নেতৃত্বাধীন বোর্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

এমআই