Advertisement
Us Bangla Airlines
অভিষেকে ১৫০ রান করে প্রোটিয়া ব্যাটারের ইতিহাস

অভিষেকে ১৫০ রান করে প্রোটিয়া ব্যাটারের ইতিহাস

খেলা ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪২

অভিষেকেই ১৫০! ওয়ানডে ইতিহাসে এমন কীর্তি ছিল মাত্র একজনের। সেই তালিকায় এবার নাম লেখালেন জর্ডান হার্মান। নামিবিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ঝড়ো ব্যাটিংয়ে দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে দক্ষিণ আফ্রিকার এই ওপেনার গড়েছেন বিরল এক ইতিহাস। অভিষেকের ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডে এখন তিনি ম‍্যাথু ব্রিটস্কির সঙ্গী।

নিয়মিত তারকাদের প্রায় সবাই অনুপস্থিত। টেম্বা বাভুমা, এইডেন মার্করামদের ছাড়া নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল নেমেছে নামিবিয়ার বিপক্ষে। সেই সুযোগেই কনর এস্তেহেইজেনের সঙ্গে ইনিংস উদ্বোধনের দায়িত্ব পান ২৪ বছর বয়সী হার্মান। সুযোগটাকে কীভাবে স্মরণীয় করে রাখতে হয়, ব্যাট হাতে সেটিই দেখালেন তিনি।

১২৬ বলে ৩ ছক্কা ও ১৭ চারে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হার্মান। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ২০তম ব্যাটার তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে এই কীর্তি গড়া পঞ্চম ব্যাটারও এখন তিনি। তবে সেঞ্চুরিতে থামেননি হার্মান। ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে অভিষেকের প্রথম ইনিংসেই দেড়শ রান করার নজির গড়েছেন তিনি।

এর আগে এই কীর্তি ছিল আরেক দক্ষিণ আফ্রিকানের দখলে। গত বছর লাহোরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ওয়ানডেতে ১৪৮ বলে ৫ ছক্কা ও ১১ চারে ঠিক ১৫০ রান করেছিলেন ম‍্যাথু ব্রিটস্কি। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা সর্বশেষ ব্যাটারও ছিলেন তিনি। এক বছর পর সেই ব্রিটস্কির পাশে বসে গেলেন হার্মান।

অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরির ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলে প্রথম এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। সেটি ছিল ইতিহাসের মাত্র দ্বিতীয় ওয়ানডে।

দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করেছিলেন কলিন ইনগ্রাম। পরে তাঁর পথ অনুসরণ করেন টেম্বা বাভুমা ও রিজা হেনড্রিকস। এবার সেই তালিকায় যুক্ত হল হার্মানের নাম।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা করেছিলেন বেশ সতর্কভাবে। ৬১ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। এরপর ব্যাটে বাড়ে গতি। মাত্র ৯৩ বলেই পৌঁছে যান তিন অঙ্কে। দ্বিতীয় পঞ্চাশের জন্য খেলেন মাত্র ৩২ বল।

দেড়শ ছোঁয়ার পথেও থামেনি তাঁর আগ্রাসন। ১২৫ বলে পূর্ণ করেন ১৫০। তৃতীয় পঞ্চাশও আসে মাত্র ৩২ বলে। অবশ্য পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে থামে তাঁর রেকর্ড গড়া ইনিংস।

হার্মানের দেড়শ আর টনি ডি জর্জির ৭২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত সময়ে দক্ষিণ আফ্রিকা তোলে ৬ উইকেটে ৩৪৮ রান। তবে স্কোরের চেয়েও বড় হয়ে থাকল হার্মানের অভিষেক। প্রথম ম্যাচেই এমন কীর্তি, যা ওয়ানডের ইতিহাসে জায়গা করে নিল।