Advertisement
Us Bangla Airlines
এশিয়ান গেমসে বাড়তি সুবিধা পাচ্ছে না ভারত

এশিয়ান গেমসে বাড়তি সুবিধা পাচ্ছে না ভারত

খেলা ডেস্ক

০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৬

এশিয়ান গেমসে ক্রিকেট নিয়ে ভারতের প্রস্তুতিতে বড় কোনো ঘাটতি নেই। তবে মাঠের বাইরে বাড়তি কোনো সুবিধাও পাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। জাপানের নাগোয়ায় তাদের থাকার ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া জটিলতা কেটে গেলেও পাঁচ তারকা হোটেল পাচ্ছেন না ক্রিকেটাররা। আয়োজকদের নির্ধারিত ব্যবস্থাতেই থাকতে হবে তাদের।

নাগোয়ায় শীর্ষ মানের হোটেলের স্বল্পতার কারণে ভারতীয় দলের আবাসন নিয়ে কিছুদিন ধরেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত আয়োজকদের প্রস্তাব মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের দাবি, পাঁচ তারকা হোটেল না হলেও ক্রিকেটারদের থাকার ব্যবস্থা সন্তোষজনক।

মঙ্গলবার পিটিআইকে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, দলের থাকার জায়গা নিয়ে আপাতত আর কোনো জটিলতা নেই। মূল ভেন্যুর কাছাকাছি থাকার সুবিধার কথা বিবেচনা করেই টোকিও কিংবা ওসাকার বদলে নাগোয়াকে বেছে নেওয়া হয়েছে।

শুক্লা বলেন, ‘তারা (আয়োজক) যা দিচ্ছে আমরা সেটাই মেনে নিয়ে ওখানে থাকছি। ক্রিকেটারেরা যাতে আরামে থাকে সেরকম ঘর দেওয়া হচ্ছে কি না সেটা আমরা নজর রাখছি। নিঃসন্দেহে বিলাসবহুল হোটেল পাওয়া যাবে না। তবে থাকার জায়গা ভালোই।’

ক্রিকেটারদের থাকার ব্যবস্থা নিয়ে অবশ্য কোনো ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। যে হোটেলে দল থাকবে, সেটির ছবি ও ভিডিও ইতিমধ্যে দেখেছেন বোর্ডের কর্মকর্তারা। তাদের দাবি, সেখানে ক্রিকেটারদের বড় ধরনের কোনো অসুবিধা হবে না।

আলাদা কক্ষের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন শুক্লা। অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের রুম ভাগাভাগি করে থাকতে হবে না। তবে বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভারতের বাড়তি সুবিধা না পাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হয়। এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেটাররাও থাকবেন হোটেলে। প্রত্যেক ক্রিকেটারের জন্য থাকবে আলাদা রুম।

এমআই