Advertisement
Us Bangla Airlines
ভারত-আফগান সিরিজ নিয়ে নতুন শঙ্কা!

ভারত-আফগান সিরিজ নিয়ে নতুন শঙ্কা!

খেলা ডেস্ক

১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৭

ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই তৈরি হয়েছে অনিশ্চয়তা। দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের কারণে ১৩ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিকস সম্মেলন। এতে বিদেশি প্রতিনিধিদের যাতায়াত ও নিরাপত্তার জন্য রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হবে। এর মধ্যেই ১৩ সেপ্টেম্বর ম্যাচ ঘিরে ২৫ থেকে ৩৫ হাজার দর্শকের সমাগমের সম্ভাবনা রয়েছে।

এ কারণেই ম্যাচের সূচি পরিবর্তনের অনুরোধ করেছিল দিল্লি পুলিশ। তাদের আশঙ্কা, দুই দলের টিম বাস, দর্শকদের অতিরিক্ত যানবাহন এবং স্টেডিয়ামের আশপাশে পার্কিংয়ের কারণে যানজট সামলানো কঠিন হয়ে যেতে পারে।

দিল্লি পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সম্মেলনকে কেন্দ্র করে ভিভিআইপি ও ভিআইপি চলাচলের জন্য রুট নিয়ন্ত্রণ, যানবাহন অন্য পথে সরিয়ে দেওয়া এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করতে হবে। এর সঙ্গে ম্যাচের চাপ যোগ হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সূচি নিয়ে আপাতত স্বস্তির খবর দিয়েছে দিল্লি জেলা ক্রিকেট সংস্থা (ডিডিসিএ)। পুলিশের সঙ্গে বৈঠকের পর তারা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ১৩ সেপ্টেম্বরই ম্যাচটি আয়োজন করা হবে।

তবু শঙ্কা পুরোপুরি কাটেনি। কারণ আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনো ম্যাচের সূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি নির্ধারিত দিনে মাঠে গড়াবে কি না, সেটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

প্রথম টি-টোয়েন্টি ঘিরে এই জটিলতা কাটলে ১৫ ও ১৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমআই