Advertisement
Us Bangla Airlines
রহস্য স্পিনার আলিস যেন দলের পরশ পাথর

রহস্য স্পিনার আলিস যেন দলের পরশ পাথর

খেলা ডেস্ক

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

মন্থর উইকেটেও দক্ষিণ আফ্রিকার শুরুটা ছিল বেশ স্বচ্ছন্দ। পাওয়ার প্লেতে মুশফিক উইকেট পেলেও অন্য প্রান্তে রান বাড়াচ্ছিলেন প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা। বাংলাদেশের শুরুর বোলারদের খুব একটা পাত্তাই দিচ্ছিলেন না তিনি। সেখানেই ব্যতিক্রম ছিলেন আলিস আল ইসলাম।

প্রথম ওভারে ওয়াইড ছাড়া কোনো রান দেননি এই রহস্যময় স্পিনার। দ্বিতীয় ওভারেই দেখালেন কেন তাকে আলাদা করে ভাবতে হয়। ফোর্থ স্টাম্পে পড়া বল হঠাৎ ভেতরে ঢুকিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেললেন হামজাকে। একদম শার্প টার্নেই এসেছে সেই উইকেট।

আলিসের বোলিংয়ের রহস্য শুধু টার্নে নয়। স্পিনার হয়েও পেসারদের মতো সিম ব্যবহার করে ব্যাটারকে বিভ্রান্ত করেন তিনি। দ্বিতীয় উইকেটেও তার সেই কৌশলের ছাপ। একই ধরনের ডেলিভারি, তবে এবার টার্ন ছিল কম। বল সোজা গিয়ে আঘাত করে অফস্টাম্পে।

তাতেই থামেননি আলিস। দ্বিতীয় উইকেটের পরের বলেই তুলে নেন তৃতীয়টি। এতক্ষণ বল ভেতরে-বাইরে ঘুরিয়ে ব্যাটারকে ব্যস্ত রাখার পর এবার করেন একেবারে সোজা ডেলিভারি। বল বাইরে বেরিয়ে যাবে ভেবে কাভারে খেলতে চেয়েছিলেন ব্যাটার। তাতেই লেগ বিফোরে ধরা।

মাত্র ৫৩ রানের মধ্যে চার উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। সেই ধসের নেপথ্যে একাই বড় ভূমিকা আলিসের। রহস্যময় স্পিনে প্রোটিয়া ব্যাটিংকে রীতিমতো অচল করে দেন তিনি। শুধু উইকেটই নয়, রান দেওয়ার ক্ষেত্রেও ছিলেন সবচেয়ে কৃপণ।

এমন পারফরম্যান্সে আবারও প্রমাণ হলো, রহস্য স্পিনাররা কখনো কখনো দলের জন্য পরশ পাথরের মতো হয়ে ওঠেন। আলিসও যেন সেই ভূমিকাতেই হাজির। আফগানিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় সিরিজে আলিসকে দলে দেখা যাবে কি না, সেটিই এখন অপেক্ষার বিষয়।

এমআই