টি-টোয়েন্টিতে ফিরেই চাহিদা মেটাতে চান শান্ত
খেলা ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন নাজমুল হোসেন শান্ত। এশিয়ান গেমসের মঞ্চে আবারও বাংলাদেশের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণে দেখা যাবে তাকে। ফেরার পর নিজের চেয়ে দলের প্রয়োজনকেই বড় করে দেখছেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী খেলেই দলে নিজের জায়গা শক্ত করতে চান শান্ত।
সবশেষ ২০২৫ সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের এই সংস্করণে আর সুযোগ হয়নি। ১৬ মাস পর এশিয়ান গেমস দিয়ে ফিরছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
বিসিবির প্রকাশ করা এক ভিডিও বার্তায় নিজের প্রত্যাবর্তন নিয়ে শান্ত বলেন, ‘অনেক দিন পরে এই সংস্করণে আবার ফিরে আসা অবশ্যই ভাল লাগার একটা বিষয়। আমি বিশ্বাস করি যে এই সংস্করণে দলের যে চাহিদা থাকবে, সেই অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব। এশিয়ান গেমস অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমি মনে করি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শান্তর শেষ কয়েকটি বছর খুব একটা স্বস্তির ছিল না। ২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত ৫০ ম্যাচে করেছেন ৯৮৭ রান, স্ট্রাইকরেট ১০৯.০৬। একসময় এই সংস্করণে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ২০২৫ সালে লিটন অধিনায়ক হওয়ার পর মন্থর ইনিংস খেলার অভিযোগে দল থেকে বাদ পড়েন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে অবশ্য নিজের সামর্থ্যের অন্য ছবি দেখিয়েছেন শান্ত। সবশেষ বিপিএলে তার নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স শিরোপা জেতে। টুর্নামেন্টে ২৯.৫৮ গড়ে ৩৫৫ রান করেন তিনি। স্ট্রাইকরেট ছিল ১৩৫.৪৯। সঙ্গে ছিল একটি সেঞ্চুরি ও একটি ফিফটি।
জাতীয় দলে ফিরে নিজের লক্ষ্য নিয়ে শান্ত বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই। সত্যি বলতে আমার মতে দল হিসেবে ভালো ফল করাই প্রধান লক্ষ্য থাকবে। অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হলো সোনা জেতা। ভালো ক্রিকেট খেলে যদি আমরা লক্ষ্য অর্জন করতে পারি, এটাও সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হবে।’
২০১০ সালে আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ১৬ বছর পর সেই সাফল্য ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ।
এমআই