৩৫০ রানের ইনিংসের পর টেস্টের জন্য প্রস্তুত হৃদয়?
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন আগেই। এবার লাল বলেও নিজের সামর্থ্যের জানান দিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে নতুন করে আলোচনায় এই ব্যাটার। প্রশ্ন উঠেছে, টেস্ট ক্রিকেটের জন্য কি তবে প্রস্তুত হয়ে গেছেন হৃদয়?
চলতি বছরই টেস্ট অভিষেক হয়েছে তাঁর। তবে সাদা পোশাকে শুরুর গল্পটা সুখকর হয়নি। সেই ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকায় লম্বা ইনিংস খেলে হৃদয় বুঝিয়ে দিয়েছেন, লাল বলের ক্রিকেটেও দীর্ঘ সময় উইকেটে থাকার সামর্থ্য তাঁর আছে। ‘এ’ দলের কোচ বাবুলের মতে, টেস্ট সংস্করণের জন্য হৃদয় ইতোমধ্যেই প্রস্তুত।
বাবুল বলেন, ‘তাওহীদ হৃদয়কে তো বিসিবি চাচ্ছেই যে সে এরকম, মানে অনেক সিনিয়র খেলোয়াড় এখন নেই আমাদের দলে, তাই কাউকেও না কাউকে ওই জায়গাটা নিতে হবে। তাই অনেক দিন যাবত বিসিবি তাকে চাচ্ছে, তো আমার মনে হয় যে হৃদয় ইতোমধ্যে প্রস্তুত জাতীয় দলের টেস্ট সংস্করণের জন্য।’
৩৫০ রানের ইনিংসে শুধু রানসংখ্যাই নয়, হৃদয়ের ব্যাটিংয়ের ধরনও মুগ্ধ করেছে বাবুলকে। প্রায় তিন দিন ধরে ব্যাটিং করে একের পর এক সেশন পার করেছেন তিনি। ইনিংসের শেষ পর্যায়েও তাঁর শারীরিক সক্ষমতা, উইকেটের মাঝে দৌড় এবং রান করার তাড়নায় কমতি দেখেননি কোচ।
বাবুলের ভাষায়, ‘তার মধ্যে যে আমি একটা ব্যাটিংয়ের যে মনোযোগ বা দৃঢ় সংকল্প ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা ছেলে মানে তিন দিন যাবত ব্যাটিং করছে এতগুলো ইনিংস, এতগুলো সেশন। মানে তার শেষ সময়টা পর্যন্ত তার যে শারীরিক সক্ষমতার যে অবস্থা ছিল, মানে উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়ার যে ধরণ ছিল এবং তার মধ্যে যে তাগিদ ছিল, যে ক্ষুধার্ত ভাবটা ছিল, সেটা ওই পুরো ইনিংসটার মধ্যে ফুটে উঠেছে।’