Advertisement
Us Bangla Airlines
মেয়াদ বাড়ছে তালহা জুবায়েরের

মেয়াদ বাড়ছে তালহা জুবায়েরের

খেলা ডেস্ক

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে তালহা জুবায়েরের দায়িত্বের মেয়াদ আরও দীর্ঘ হচ্ছে। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছাড়ার পর থেকেই ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করছেন তালহা।

শুরুতে জানা গিয়েছিল, ঘরের মাঠের অস্ট্রেলিয়া সিরিজ ও জিম্বাবুয়ে সফরে কাজ করবেন এই বোলিং কোচ। পরে অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজেও কাজ করেছেন তিনি। ফলে অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই তালহার অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষ হওয়ার কথা। তবে এবার জানা গেল ভিন্ন খবর।

বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাতীয় দলের কোচ হিসেবে তালহা জুবায়েরের মেয়াদ আরও বাড়ছে। আগামী মাসের আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলের সঙ্গে থাকবেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা।

অর্থাৎ চলতি বছর তো বটেই, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্তই জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে থাকার পথে আছেন তালহা। দীর্ঘ মেয়াদে তাঁর ওপর আস্থা রাখার সিদ্ধান্তে আপাতত নতুন কোনো বিদেশি পেস বোলিং কোচ নিয়োগের প্রয়োজন দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে ফিল্ডিং কোচ হিসেবে আপাতত দায়িত্বে থাকছেন আশিক মজুমদার। তবে তাঁর চুক্তির মেয়াদ কতদিনের, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েও অবশ্য কিছুদিন ধরেই আলোচনা ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হারের পর মোহাম্মদ আশরাফুলকে ঘিরে উঠেছিল নানা গুঞ্জন। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটছে। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন আশরাফুলই।

তবে জাতীয় দলের কোচিং স্টাফে আরও একজনকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিসিবির। একজন সহকারী কোচ নিয়োগ দিতে চায় বোর্ড। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও অ্যালান ডোনাল্ডকে এই পদে নিয়োগ দেওয়া নিয়ে গুঞ্জন আছে ক্রিকেট পাড়ায়।

এমআই