এশিয়ান গেমসে বাংলাদেশের ভরসা হতে পারেন যারা
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪
টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারেনি বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে কিছু জয় এলেও ব্যাটিংয়ের অনিয়মিত পারফরম্যান্সে সেই সাফল্যকে ধারাবাহিকতায় রূপ দেওয়া যায়নি। তবে এশিয়ান গেমসের মঞ্চে দলটির বড় ভরসা হতে পারেন কয়েকজন ব্যাটার, যারা সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন।
লিটন দাসের নেতৃত্বে টি-টোয়েন্টি দল দারুণভাবে গোছানো হয়েছে। বিশ ওভারের ক্রিকেটে বাংলাদেশের সেরা দলও বলা চলে। যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের নিয়ে তৈরি এই দলে যোগ হয়েছে সাহস ও আগ্রাসী ক্রিকেটের ছোঁয়া। কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের বড় দুই ভরসা তাই তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়।
২০২৫ সাল থেকে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তানজিদ তামিম। এই সময়ে ৩৫ ম্যাচে ৩১ গড়ে তাঁর সংগ্রহ ৯৮৬ রান। প্রায় অর্ধেক ম্যাচেই ৩০ বা তার বেশি রান করেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১০টি ফিফটি। স্ট্রাইকরেটও বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো, ১৩৩।
তবে তামিমের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে তাঁর ছক্কার সামর্থ্য। ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত ৪৮টি ছক্কা মেরেছেন এই বাঁহাতি ওপেনার। ইনিংসের শুরুতেই বোলারদের ওপর চাপ তৈরি করার সামর্থ্য তাঁকে আলাদা করে তুলেছে। এর সঙ্গে ফিফটি হাঁকানোর সামর্থ্যেও বাকিদের ছাড়িয়ে যাচ্ছেন।
তামিমের পরই ধারাবাহিকতার তালিকায় রয়েছেন তাওহীদ হৃদয়। ৩০ ইনিংসে ২৯ গড়ে তাঁর রান ৭২৫। ৩০ বা তার বেশি রানের ইনিংস রয়েছে ১০টি। তবে ফিফটির সংখ্যা মাত্র চারটি। তামিম যেখানে বাউন্ডারির ঝড়ে ইনিংস এগিয়ে নেন, হৃদয়ের ব্যাটিংয়ের মূল অস্ত্র স্ট্রাইক রোটেশন। সিঙ্গেল-ডাবলসে স্কোরবোর্ড সচল রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য এই ব্যাটারের।
তামিম ও হৃদয়ের পর ধারাবাহিকতার তালিকায় রয়েছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। মিডলঅর্ডারে ব্যাট করা এই দুই ক্রিকেটারও বড় ইনিংস গড়তে বাউন্ডারিকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করেন। ফলে পরিস্থিতি অনুযায়ী ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রয়েছে দুজনেরই।
এশিয়ান গেমসের উইকেট কেমন আচরণ করবে, সেটিও বড় হয়ে উঠতে পারে। মন্থর উইকেট হলে হৃদয় ও লিটনের ব্যাটিং বাংলাদেশের জন্য হতে পারে কার্যকরী অস্ত্র। তবে উইকেট যদি হয় স্পোর্টিং, তাহলে তামিম ও ইমনের ব্যাট থেকে আসতে পারে দ্রুতগতির রানের জোগান। এই চার ব্যাটারই মূলত রান সংগ্রহের লিড দিবেন।
এমআই