টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪
নেতৃত্বের পালাবদল আসছে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলে। আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে থাকছেন তিনি।
জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পথচলা অবশ্য খুব উজ্জ্বল নয়। গত পাঁচ বছরে তাঁর অধিনায়কত্বে ৮০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৩২টিতে জয় পেয়েছে দল, হেরেছে ৪৭টিতে। বাকি একটি ম্যাচের ফল আসেনি।
পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষের পরিসংখ্যান আরও বেশি ভাবনার। এই সময়ে এমন দলের বিপক্ষে ৫৫ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ১০টি। এর সাতটিই এসেছে পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে ৪৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি!
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াইটা আরও কঠিন হয়েছে। গত পাঁচ বছরে এই চার দলের বিপক্ষে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। কিন্তু কোনো ম্যাচেই বড় দলগুলোর সামনে নিজেদের সামর্থ্যের জোরালো ছাপ রাখতে পারেনি দলটি।
অধিনায়ক জ্যোতির ব্যাটিংও সাম্প্রতিক সময়ে খুব একটা স্বস্তি দিচ্ছে না। শেষ ১০ ইনিংসে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ৩৬। এই সময়ে কোনো ফিফটির দেখাও পাননি তিনি। রানগুলো হলো ১৯, ০, ২৭, ৩৬, ৩২, ৩২, ১০, ৪, ২৩ ও ১৯।
এশিয়া কাপেও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় ইনিংসের প্রত্যাশা পূরণ করতে পারেননি জ্যোতি। বাংলাদেশের ব্যাটিং যখন দীর্ঘদিন ধরেই উদ্বেগের জায়গা, তখন অধিনায়কের ব্যাট থেকেই বাড়তি দায়িত্ব নেওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে না।
এমআই