Advertisement
Us Bangla Airlines
এনসিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

এনসিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

খেলা ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৫

ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা ফিরছে মাঠে। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণ দিয়ে শুরু হচ্ছে ২০২৬-২৭ মৌসুম। আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম আসর। একই দিনে দেশের চার ভেন্যুতে শুরু হবে সাদা পোশাকের এই ক্রিকেটযুদ্ধ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে কোন দিনে কোন দলের লড়াই, কোন ভেন্যুতে বসছে ম্যাচ, সেটিও এখন জানা হয়ে গেল। আট বিভাগীয় দলকে নিয়ে এক স্তরেই অনুষ্ঠিত হবে এবারের এনসিএল।

৩ অক্টোবর শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। অর্থাৎ প্রত্যেক দলের ম্যাচ থাকবে সাতটি। সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলই হবে এবারের চ্যাম্পিয়ন।

এবারের আসরে দেশের ছয়টি শহরের আট ভেন্যুতে হবে ম্যাচ। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে চারটি ম্যাচ। এর বাইরে খুলনা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও কক্সবাজারেও গড়াবে লাল বলের লড়াই। তবে ভেন্যু তালিকায় নেই বরিশাল।

প্রথম দিনেই থাকছে চার ম্যাচ। ৩ অক্টোবর মিরপুরে মুখোমুখি হবে ঢাকা ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। একই দিনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ বরিশাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম লড়বে রাজশাহীর সঙ্গে।

শুধু সূচি নয়, এবারের এনসিএলে বল নিয়েও থাকছে পরিবর্তন। কয়েক মৌসুম ডিউক বল ব্যবহারের পর এবার আবার কুকাবুরায় ফিরছে বিসিবি। ফলে পরিচিত বলেই নতুন মৌসুমের লড়াইয়ে নামবেন দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাররা।

আসর শুরুর আগে থাকছে বিশেষ আয়োজনও। বুধবার (১৬ সেপ্টেম্বর) অংশগ্রহণকারী আট দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে ব্যাগি ক্যাপ। নিজ নিজ বিভাগের হয়ে জাতীয় লিগে খেলা সাবেক ক্রিকেটাররাই অধিনায়কদের হাতে এই ক্যাপ তুলে দেবেন।

একনজরে এনসিএলের সূচি