বিপিএলে না পারলেও সিপিএলে সফল সাদাকাত
খেলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০
বিপিএলে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। পাঁচ ম্যাচে করেছেন মাত্র ৯৪ রান। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নামতেই যেন বদলে গেল পাকিস্তানের ওপেনার মাজ সাদাকাতের ব্যাট। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করে গড়লেন টুর্নামেন্টের ইতিহাসে নতুন রেকর্ড।
২১ বছর ১২৫ দিন বয়সে পাওয়া এই শতক সাদাকাতের স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে সিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে তিন অঙ্কের ঘরে পৌঁছানোর কীর্তিও এখন তার। এর আগে এই রেকর্ড ছিল শিমরন হেটমায়ারের দখলে।
২০১৮ সালে ২১ বছর ২৩৫ দিন বয়সে সিপিএলে সেঞ্চুরি করেছিলেন হেটমায়ার। একই বছর ২১ বছর ২৮০ দিন বয়সে শতক করেছিলেন বিদেশি ক্রিকেটার গ্লেন ফিলিপস। এবার দুজনকে পেছনে ফেলে ইতিহাসের পাতায় এই পাকিস্তানি ব্যাটার।
বিপিএলে অবশ্য গল্পটা ছিল পুরোপুরি ভিন্ন। নোয়াখালীর হয়ে পাঁচ ম্যাচে ১৮ গড়ে ৯৪ রান করেছিলেন এই বাঁহাতি ওপেনার। পিএসএলেও নিজের সামর্থ্যের সঙ্গে পুরোপুরি সুবিচার করতে পারেননি। তবে সিপিএলে সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন সাদাকাত।
৪৪ বলে ঝড় তোলা শতকে শুধু প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিই পেলেন না, নাম লিখিয়েছেন সিপিএলের রেকর্ডবুকেও। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১২ রানে থামেন তিনি। বাঁহাতি এই ওপেনারের সেঞ্চুরিতে সেমিফাইনালে নাম লিখিয়েছে তার দল জ্যামাইকা।
এমআই