বিপিএলের ফিক্সিং কাণ্ডে নিষিদ্ধ আরও ২ জন
খেলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরের দুর্নীতির ঘটনায় নিষেধাজ্ঞার তালিকা আরও লম্বা হলো। এবার সাময়িকভাবে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের মালিক আব্দুল কাইয়ুম ও দুর্বার রাজশাহীর ম্যানেজার আমিন খানকে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুইজনের বিরুদ্ধেই দুর্নীতিবিরোধী চারটি করে ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিনের সময় দিয়েছে বিসিবি।
চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে শুরু থেকেই ছিল জটিলতা। বিপিএলের গত আসরে ট্রায়াঙ্গল সার্ভিসেসের হয়ে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী ছিলেন আব্দুল কাইয়ুম। তবে ক্রিকেটারদের পাওনা পরিশোধ করতে না পারায় টুর্নামেন্ট শুরুর আগের দিন মালিকানা ছেড়ে দেওয়ার জন্য বিসিবিকে চিঠি দেন তিনি। পরে ফ্র্যাঞ্চাইজিটির পরিচালনার দায়িত্ব নেয় বিসিবি।
কাইয়ুমের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা ম্যাচের কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টা, ফিক্সিং বা ফিক্সিংয়ের পরিকল্পনা কিংবা চুক্তিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। দুর্নীতির কোনো প্রস্তাব পেয়ে থাকলে সেটি অ্যান্টি-করাপশন কর্মকর্তাকে না জানানোর অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
এ ছাড়া তদন্তে সহযোগিতা না করা এবং অ্যান্টি-করাপশন কর্মকর্তার নির্দেশ সত্ত্বেও ব্যবহৃত মূল মুঠোফোন জমা না দেওয়ার অভিযোগ রয়েছে কাইয়ুমের বিরুদ্ধে। ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দিতে অস্বীকৃতি জানিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।
অন্যদিকে, বিপিএলের ১১তম আসরে দুর্বার রাজশাহী এবং ১২তম আসরে চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার ও টিম অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা আমিন খানের বিরুদ্ধেও চারটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
তার বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা কোনো অংশ বেআইনিভাবে প্রভাবিত করা এবং ফিক্সিংয়ের পরিকল্পনা বা চুক্তিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি কোনো খেলোয়াড় বা কর্মকর্তাকে দুর্নীতিতে জড়াতে সরাসরি বা পরোক্ষভাবে প্ররোচিত, উৎসাহিত কিংবা সহযোগিতা করার অভিযোগও উঠেছে।
তদন্তে সহযোগিতা না করা এবং প্রয়োজনীয় তথ্য বা বার্তা গোপন কিংবা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে আমিন খানের বিরুদ্ধে।
বিপিএলের দুর্নীতি তদন্তে এটি সর্বশেষ শাস্তিমূলক পদক্ষেপ। এর আগে চলতি মাসের শুরুতে সাবেক বোর্ড পরিচালক মোখলেছুর রহমান, সাবেক লিয়াজোঁ অফিসার জাকির হাসান ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
এমআই