পিচ নষ্ট করে কাউন্টি ক্লাবের বড় ক্ষতি করলেন গাঙ্গুলি
খেলা ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৩
সৌরভ গাঙ্গুলির বায়োপিকের শুটিংকে কেন্দ্র করে ইংলিশ কাউন্টি ক্রিকেটে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ডে এই সিনেমার শুটিং করতে গিয়ে পরোক্ষভাবে চরম খেসারত দিতে হয়েছে কাউন্টি দল লেস্টারশায়ারকে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাঠে অননুমোদিত শুটিংয়ের কারণে পিচ প্রস্তুত করা সম্ভব হয়নি বলে দাবি করেছেন ক্লাবটির প্রধান কিউরেটর।
তবে এই অজুহাত টেকেনি ক্রিকেট শৃঙ্খলা কমিটির কাছে। নিম্নমানের পিচ তৈরির অপরাধে লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এর ফলে চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে দলটির। একই সাথে গুনতে হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা জরিমানাও।
ঘটনার সূত্রপাত গ্ল্যামারগনের বিরুদ্ধে লেস্টারশায়ারের ম্যাচকে ঘিরে। ম্যাচ চলাকালে পিচের আচরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ক্রিকেট রেগুলেটর বোর্ড।
লেস্টারশায়ারের প্রধান পিচ কিউরেটর ক্যালাম লিউইন জানান, ম্যাচের চার দিন আগে হঠাৎ একটি বলিউড সিনেমার শুটিং হয়। ফলে তিনি পিচে পর্যাপ্ত কাজ করা এমনকি তা ঢেকে রাখার সুযোগও পাননি। অতিরিক্ত তাপমাত্রা ও পূর্ববর্তী ম্যাচের চাপকেও তিনি অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘১০ সপ্তাহ আগে এখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হয়। এরপর নিয়ন্ত্রণহীন কয়েকটি ঘটনা ঘটে, যার মধ্যে ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ম্যাচের ঠিক চার দিন আগে হুট করে শুটিং। এর কারণে আমি পিচে কোনো কাজই করতে পারিনি।’
তবে শৃঙ্খলা কমিটি এই ব্যাখ্যা গ্রহণ করেনি। তাদের মতে, মাত্র এক দিনের শুটিংয়ের অজুহাতে পিচ এতটা অনিয়মিত হতে পারে না। ম্যাচে বলের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বাউন্সের ৪৩টি উদাহরণ তুলে ধরেন ম্যাচ রেফারি ইয়ান রামেজ।
সব তথ্য-প্রমাণ বিবেচনা করে গ্ল্যামারগন ম্যাচে অর্জিত ১৯ পয়েন্টের পাশাপাশি বাড়তি ৮ পয়েন্ট কেটে মোট ২৭ পয়েন্ট কাটার সিদ্ধান্ত নেয় কমিটি। ফলে সাবেক ভারতীয় অধিনায়কের বায়োপিক শুটিংয়ের অনাকাঙ্ক্ষিত খেসারত শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্স ও পয়েন্ট টেবিলেই দিতে হলো লেস্টারশায়ারকে।