Advertisement
Us Bangla Airlines
ক্যাচের শুটিং করতে গিয়ে ইনজুরি, ভারত সিরিজ থেকে বাদ রবীন্দ্র

ক্যাচের শুটিং করতে গিয়ে ইনজুরি, ভারত সিরিজ থেকে বাদ রবীন্দ্র

খেলা ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯

ক্যাচ ধরার শুটিং করতে গিয়েই চোট। সেই চোটের ধাক্কায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। ডান কাঁধের চোটে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে অকল্যান্ডে। একটি প্রচারণামূলক শুটিংয়ে ক্যাচ ধরার দৃশ্য ধারণের সময় ডাইভ দিয়েছিলেন রবীন্দ্র। এরপর ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে গিয়ে ডান কাঁধে চোট পান তিনি। পরীক্ষার পর ধরা পড়ে, কাঁধের হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

এই চোটে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তো বটেই, আপাতত মাঠের বাইরে থাকতে হচ্ছে রবীন্দ্রকে। নিউজিল্যান্ডের টিম ম্যানেজমেন্টের আশা, পুনর্বাসন পরিকল্পনা ঠিকভাবে এগোলে আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের আগেই তিনি ফিরতে পারবেন।

রবীন্দ্রর চোটে হতাশ নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘রাচিনকে নিয়ে আমরা খুবই হতাশ। এই মৌসুমে সে আমাদের জন্য বড় ভূমিকা রাখবে। তাই পুনর্বাসনে কোনো তাড়াহুড়া করা উচিত হবে না। তবে আমরা আশাবাদী, ওয়ানডে সিরিজের আগেই সে ফিরতে পারবে।’

রবীন্দ্রর জায়গায় টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বেভন জ্যাকবস। ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা এই ব্যাটসম্যান সর্বশেষ গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৬২ রান করেছিলেন। মিডল অর্ডারে তাঁকে বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নিউজিল্যান্ডের।

এমআই