‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার এখনই সময়’
খেলা ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২
জয় যে অনেক কিছু বদলে দিতে পারে, সেটাই করে দেখিয়েছে বাংলাদেশ। সাদা পোশাকে টাইগারদের সাম্প্রতিক সাফল্য তেমনই আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার পর অস্ট্রেলিয়ায় গিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এবার সেই আত্মবিশ্বাসকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চে নিয়ে যেতে চান স্পিন কোচ মুশতাক আহমেদ।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে অবশ্য বাংলাদেশের শুরুটা পুরোপুরি মসৃণ নয়। তিনটি সিরিজে ছয় টেস্ট খেলে জয় এসেছে মাত্র একটিতে। একটি ম্যাচ ড্র হওয়ায় বাংলাদেশের সংগ্রহ ৪০ পয়েন্ট। ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে তারা। তবে শেষ কথা বলার মতো অবস্থানে এখনও পৌঁছেনি কোনো দলই।
বাংলাদেশের সামনে রয়েছে আরও ছয়টি টেস্ট। এর মধ্যে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে চারটি ম্যাচ। বাকি দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে। এই ছয় ম্যাচের হিসাবেই লুকিয়ে আছে বাংলাদেশের ফাইনালের স্বপ্ন। চারটি ম্যাচে জয় এলে সমীকরণ অনেকটাই বাংলাদেশের পক্ষে চলে আসবে।
বাকি দুই ম্যাচের অন্তত একটিতে ড্র করতে পারলে সেই অবস্থান আরও শক্ত হবে। ফলে সমীকরণটা কঠিন হলেও অসম্ভব মনে হচ্ছে না মুশতাকের কাছে। তার চোখে সুযোগটা এখনই কাজে লাগানোর মতো। দলের সামর্থ্যের ওপর আস্থা রেখে সামনে এগোতে পারলে ফাইনালের দরজায় পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি।
বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশের স্পিন কোচ বলেন, ‘ইনশাআল্লাহ! (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) কেন নয়! আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। তাই আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি ও বিশ্বাস ধরে রাখি, তবে ইনশাআল্লাহ পুরো পথ পাড়ি দেওয়ার এটাই উপযুক্ত সময়।’
ফাইনালে যেতে হলে শুধু দক্ষতা নয়, মানসিক দৃঢ়তাকেও বড় করে দেখছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার। তার মতে, বাংলাদেশের বর্তমান দলটির মধ্যে বড় প্রতিপক্ষকে হারানোর বিশ্বাস তৈরি হয়েছে।
মুশতাক বলেন, ‘ছেলেদের নিয়ে আমি খুবই খুশি। একঝাঁক এমন ছেলেকে নিয়ে আমি কাজ করছি, যারা যে কোনো দলের বিপক্ষে জেতার চেষ্টা করে। ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন, যদি একই মানসিকতা ধরে রেখে ও হারের ভয় না করে এগোতে পারি, তাহলে যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারব।’