লোয়ারঅর্ডারের রানে ৬ নম্বরে বাংলাদেশ
খেলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৬
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের লোয়ারঅর্ডার নিয়ে হতাশার গল্প পুরোনো। তবে সাম্প্রতিক তিন বছরের পরিসংখ্যান বলছে, নিচের সারির ব্যাটিংয়ে ধীরে ধীরে বদল আসছে। ব্যাটিং পজিশন ৮ থেকে ১১ পর্যন্ত বিবেচনায় গত তিন বছরে সবচেয়ে বেশি রান করা দলগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
টেস্টে গত তিন বছরে লোয়ারঅর্ডার থেকে বাংলাদেশের সংগ্রহ ১৫৬৮ রান। ২৩ ম্যাচে ১৫৫ ইনিংসে এই রান এসেছে। বাংলাদেশের লোয়ারঅর্ডার ব্যাটারদের গড় ১৩.৫১, স্ট্রাইক রেট ৪৬.৬৮। এই সময়ে তারা পেয়েছে চারটি ফিফটি, কোনো সেঞ্চুরি নেই। শূন্য রানে শেষ হয়েছে ২৪টি ইনিংস।
রানের হিসাবে বাংলাদেশের ওপরে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সবচেয়ে বেশি রান করেছে ইংল্যান্ডের লোয়ারঅর্ডার, ২৫৯২। এরপর ওয়েস্ট ইন্ডিজ ১৮২৯, ভারত ১৭৪৫, অস্ট্রেলিয়া ১৭৪২ এবং নিউজিল্যান্ড ১৫৯৮ রান করেছে।
তবে শুধু রান দিয়ে লোয়ারঅর্ডারের কার্যকারিতা পুরোপুরি বোঝা যায় না। গড়ের দিকে বাংলাদেশের অবস্থান কিছুটা নিচে। তালিকায় বাংলাদেশের ১৩.৫১ গড় পাকিস্তানের ১৩.৪০ ও শ্রীলঙ্কার ১৩.২৩-এর চেয়ে সামান্য বেশি। অর্থাৎ লোয়ারঅর্ডারে রান সংগ্রহে পাকিস্তান, শ্রীলঙ্কা থেকে এগিয়ে বাংলাদেশ।
একসময় বাংলাদেশের ১০ ও ১১ নম্বর ব্যাটারদের কাছ থেকে রান পাওয়া ছিল প্রায় বিরল ঘটনা। এখন লোয়ারঅর্ডার থেকে ১০-২০ রান তো বটেই, মাঝেমধ্যে বড় জুটিও দেখা যাচ্ছে। বোলারদের সঙ্গে কখনো লিটন, কখনো মিরাজ জুটি গড়ে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দিচ্ছেন।
এমআই