স্বর্ণজয় নয়, লিটনের প্রথম লক্ষ্য কী?
খেলা ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮
এশিয়ান গেমসে সোনার পদক জয়ের স্বপ্নটা আপাতত পাশে রাখছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার চোখ এখন কেবল আগামীকালের ম্যাচে। মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনালে ওঠাই এই মুহূর্তে বাংলাদেশের প্রথম লক্ষ্য বলে জানিয়েছেন লিটন।
ম্যাচের আগের দিন আজ আইচি-নাগোয়ায় সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগেই বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, সেটা পরের বিষয়; তবে তার জন্য আগামীকালের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। আপাতত ওটার দিকেই মনোযোগ দিচ্ছি।’
২০২৬ এশিয়ান গেমসে এখন পর্যন্ত বাংলাদেশের অর্জন মাত্র একটি ব্রোঞ্জ পদক। উশুতে এসেছে সেই পদক। নারী ক্রিকেট দলও পারেনি পদকের রং বদলাতে। ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে হেরে তারা ফিরেছে শূন্য হাতে। ফলে বাংলাদেশের পদক-প্রত্যাশার বড় অংশ এখন লিটনদের ঘিরে।
তবে সোনা জয়ের হিসাব এখনই করতে চান না বাংলাদেশ অধিনায়ক। তাঁর পরিকল্পনা ধাপে ধাপে এগোনো। লিটন বলেন, ‘আপাতত অতদূর ভাবছি না। প্রথম ম্যাচটা খেলি, জিতলে তারপর পরবর্তী চিন্তাভাবনা করব।’
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য সেমিফাইনালের দরজা খোলার লড়াই। তবে সেই ম্যাচে বৃষ্টিরও বড় ভূমিকা থাকতে পারে। আজ নিশিনেতে হওয়া প্রথম দুই কোয়ার্টার ফাইনালই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তুলনামূলক ভালো টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে উঠে গেছে পাকিস্তান ও ভারত।
বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে র্যাঙ্কিংয়ের সুবিধায় সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে পাকিস্তান।
তবে বৃষ্টি নিয়ে বাড়তি ভাবনায় যেতে চান না লিটন। প্রকৃতির ওপর কারও নিয়ন্ত্রণ নেই, সেটিই মনে করিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘খেলা না হলে তো কিছু করার থাকবে না। আগেই বললাম, বৃষ্টির ওপর কারও হাত নেই।’