বৃষ্টির দেশে ক্রিকেট, ম্যাচ না খেলেই ফলাফল নির্ধারণ
খেলা ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮
জাপানের নাগোয়া এখন যেন ক্রিকেটের বদলে বৃষ্টির মঞ্চ। টানা বৃষ্টিতে এশিয়ান গেমসের ছেলেদের ক্রিকেটে একের পর এক ম্যাচ ভেসে যাচ্ছে। গ্রুপ পর্বের ম্যাচেই বৃষ্টির হানা শুরু। চার কোয়ার্টার ফাইনালের একটিতেও বল মাঠে গড়ায়নি। ফলে ক্রিকেটীয় লড়াই ছাড়াই সেমিফাইনালের চার দল নির্ধারিত হয়েছে।
বৃষ্টির শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনালে। নির্ধারিত সময়ে মাঠে নামতে পারেনি দুই দল। কোনো বল হওয়ার আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচ খেলাই হলো না লিটন দাসের বাংলাদেশের।
শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার কোয়ার্টার ফাইনালও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এর আগে গতকাল ভারত-আফগানিস্তান এবং পাকিস্তান-হংকংয়ের ম্যাচও একই কারণে পরিত্যক্ত হয়। চার কোয়ার্টার ফাইনালই বৃষ্টির পেটে যাওয়ায় শেষ চারের দলগুলোও নির্ধারিত হয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে।
নিশিনে কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের ক্রিকেটে এটি টানা ষষ্ঠ পরিত্যক্ত ম্যাচ। এর আগে গ্রুপ পর্বে নেপাল-জাপান এবং হংকং-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এর মধ্যে পাঁচটি ম্যাচে একটি বলও গড়ায়নি। বাংলাদেশ ম্যাচ শুরু হওয়ার দুই ঘণ্টাই আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কেবল ছেলেদের ম্যাচ নয়, মেয়েদের ম্যাচেই বৃষ্টির হানা দেখা গিয়েছিল। বাংলাদেশ নারী দল বৃষ্টির কারণেই কোয়ার্টার না খেলে সেমিতে উঠেছিল। বৃষ্টির দেশ জাপানে লিটনদেরও একই অবস্থা। এবার সেমিতেও যদি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়। তবে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় ফাইনালে ওঠার সুযোগ হারাবে বাংলাদেশ।
এমআই