Advertisement
Us Bangla Airlines
সেমিফাইনালে বৃষ্টি হলেও পদক পাবে বাংলাদেশ?

সেমিফাইনালে বৃষ্টি হলেও পদক পাবে বাংলাদেশ?

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে বৃষ্টি যেন এখন ফল নির্ধারণের অন্যতম নিয়ামক। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। কোনো ম্যাচেই টস পর্যন্ত হয়নি। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে শেষ আটের বাধা পেরিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এখন প্রশ্ন, সেমিফাইনালও যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কি পদক পাবে বাংলাদেশ?

বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা দুটি সেমিফাইনাল। প্রথমটিতে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হওয়ার কথা শনিবার। তবে বৃহস্পতিবারও নিশিনেতে বৃষ্টির শঙ্কা রয়েছে।

নকআউট পর্বের ম্যাচ টাই হলে ফল নির্ধারণ করা হবে সুপার ওভারে। কিন্তু বৃষ্টির কারণে সেমিফাইনাল কিংবা প্রয়োজন হলে সুপার ওভারও শেষ করা না গেলে র‍্যাঙ্কিংয়ের হিসাবেই নির্ধারিত হবে ফাইনালের দল। সেই সমীকরণে বাংলাদেশের চেয়ে এগিয়ে পাকিস্তান। ফলে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে পাকিস্তান। অন্য সেমিফাইনালে একই সুবিধা পাবে ভারত, কারণ র‍্যাঙ্কিংয়ে তারা শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে।

তাহলে সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে বাংলাদেশের কী হবে? এখানেই লুকিয়ে আছে পদকের সমীকরণ। দুই সেমিফাইনালই যদি পরিত্যক্ত হয়, তাহলে ফাইনালে না উঠেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অর্থাৎ বাংলাদেশের সামনে তখনও ব্রোঞ্জ পদক জয়ের পথ খোলা থাকবে।

এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জয়ী দল পাবে ব্রোঞ্জ। তবে সেই ম্যাচও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেখানেও কার্যকর হবে র‍্যাঙ্কিংয়ের নিয়ম। বাংলাদেশের র‍্যাঙ্কিং শ্রীলঙ্কার চেয়ে ভালো হওয়ায় ম্যাচ না হলেও ব্রোঞ্জ পদক পাবে লিটন দাসের দল।

অর্থাৎ সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে সরাসরি ফাইনাল, আর ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালের জায়গা হবে পাকিস্তানের। কিন্তু দুই সেমিফাইনালই যদি বৃষ্টির কবলে পড়ে, তাহলে ফাইনালে না উঠেও পদক জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের সামনে।

এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও যদি বৃষ্টিতে মাঠে না গড়ায়, তাতেও পদক হাতছাড়া হবে না বাংলাদেশের। র‍্যাঙ্কিংয়ের সুবাদে ব্রোঞ্জ চলে আসবে লিটনদের ঝুলিতে। সবশেষে ফাইনালও যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, সেখানেও র‍্যাঙ্কিংয়ের সুবিধা পাবে এগিয়ে থাকা দল। বর্তমান সমীকরণ অনুযায়ী, বাকি ম্যাচগুলোর সবগুলোই বৃষ্টিতে ভেসে গেলে ভারতই পাবে স্বর্ণপদক।