ফের বাংলাদেশের কোচিং প্যানেলে ফিরছেন ডোনাল্ড
খেলা ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১
বাংলাদেশের কোচিং প্যানেলে আবারও দেখা যেতে পারে অ্যালান ডোনাল্ডকে। জাতীয় দলের কোচিং স্টাফে বড় পরিবর্তনের পরিকল্পনা না থাকলেও পেস বোলিংয়ে দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তিকে খণ্ডকালীন মেন্টর হিসেবে ফেরানোর বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডোনাল্ডকে মূলত পেস বোলিং পরামর্শক হিসেবে পাওয়ার বিষয়ে আগ্রহী বিসিবি। জাতীয় দলের পেসারদের পাশাপাশি দেশি কোচদেরও তাঁর অভিজ্ঞতা থেকে শেখানোর সুযোগ তৈরি করতে চায় বোর্ড। তবে এখনো ডোনাল্ডকে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে কি না, সেটি নিশ্চিত নয়।
বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়েছে। বোর্ড সভাপতি টেকনিক্যাল কমিটির সঙ্গে বিষয়টি নিয়ে মতবিনিময় করেছেন বলেও জানা গেছে। একজন বিসিবি কর্মকর্তা জানিয়েছেন, ডোনাল্ডের সঙ্গে বোর্ড সভাপতির কথা বলার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের পেসারদের কাছে ডোনাল্ড অবশ্য নতুন কেউ নন। ২০২২ সালে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনের কথা থাকলেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই বাংলাদেশ দলের সঙ্গে তাঁর অধ্যায় শেষ হয়।
সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে মতের অমিলের কারণেই ডোনাল্ড চাকরি ছেড়েছিলেন বলে সে সময় জানা যায়। তবে বাংলাদেশ ছাড়ার পরও দেশের পেসারদের সঙ্গে তাঁর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। এবার স্থায়ী কোচ হিসেবে নয়, জাতীয় দলের সঙ্গে খণ্ডকালীন মেন্টর হিসেবে তাঁকে যুক্ত করার চিন্তা করছে বিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে পেসারদের সঙ্গে কাজ করানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। ডোনাল্ডকে পেলে বোলারদের টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী বোলিং করার কৌশলেও উন্নতি হতে পারে বলে মনে করছে বিসিবি। এছাড়া বিদেশি ফিল্ডিং কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এমআই