বাংলাদেশ সিরিজ দিয়ে প্রত্যাবর্তন, সেখান থেকে এখন অধিনায়ক
খেলা ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ২২:২৩
লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিলেন। টি-টোয়েন্টিতে প্রত্যাবর্তনের পরও জায়গাটা পাকা করতে পারেননি। অথচ সেই শাহিবজাদা ফারহানই এখন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক। বাংলাদেশ সিরিজ দিয়ে যে প্রত্যাবর্তনের গল্প শুরু হয়েছিল, ধারাবাহিক পারফরম্যান্সে সেটিই এবার পৌঁছে গেল নেতৃত্বের চূড়ায়।
২০১৮ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন ফারহান। এরপর দীর্ঘ সময়ের জন্য জাতীয় দল থেকে ছিটকে যান। ২০২৪ সালে ফেরানো হলেও নিজেকে থিতু করতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে তখনও রানের বন্যা বইয়ে দিচ্ছিলেন তিনি।
সেই পারফরম্যান্সই আবার জাতীয় দলের দরজা খুলে দেয়। প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ফারহান পান বাংলাদেশ সিরিজকে। আগের নয় ইনিংসে মাত্র ৮৬ রান করা এই ব্যাটার সিরিজের প্রথম ম্যাচেই ৭৪ রানের ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে করেন আরও ৬৩। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ক্রমেই পাকিস্তানের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন ফারহান। গত এশিয়া কাপে পাকিস্তানের রানার্সআপ হওয়ার পথে তার পারফরম্যান্স ছিল আলোচনায়। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৬০।

এশিয়ান গেমসে অবশ্য ব্যাট হাতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি ফারহান। তবে ভারতের বিপক্ষে ফাইনালে তাঁর দল শেষ পর্যন্ত লড়াই করেছে। ১৯ রানে হেরে রুপা নিয়ে ফিরলেও সেই দলের নেতৃত্ব দিয়েছিলেন ফারহান। এবার সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলল জাতীয় দলের নেতৃত্বে।
সালমান আগাকে সরিয়ে ফারহানকে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়েছে। শুধু নেতৃত্বেই পরিবর্তন আসেনি, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের দল থেকেও বাদ পড়েছেন সালমান। ফলে মাত্র দেড় বছর আগেও জাতীয় দলের বাইরে থাকা ফারহানের হাতে এখন টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯টি সেঞ্চুরি করা ফারহানকে ঘিরে পাকিস্তান ক্রিকেটে নতুন পরিকল্পনার ইঙ্গিতও মিলছে। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা থেকে আন্তর্জাতিক মঞ্চ, সেখান থেকে অধিনায়কত্ব। এখন সেই আস্থার প্রতিদান দেওয়ার পালা তার।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে ফিরেছেন হাসান নওয়াজও। এশিয়ান গেমসের ফাইনালে ভারতের বিপক্ষে ৯৬ রান করা নওয়াজ প্রায় এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন। এবার জায়গা ধরে রেখেছেন তিনি। ২০২৫ সালের নভেম্বরে সর্বশেষ এই সংস্করণে খেলেছিলেন এই ব্যাটার।

পেস আক্রমণেও ফিরেছেন নাসিম শাহ। ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে আর খেলেননি তিনি। এপ্রিলে পিএসএলে হাঁটুর চোটে পড়ার পর ঘরোয়া ক্রিকেটে বোলিংয়ের চাপ বাড়িয়েছেন ধীরে ধীরে। খেলেছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার অপেক্ষায় তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে টেস্ট অভিষেকে নজর কাড়া পেসার রাজাউল্লাহও আছেন পাকিস্তানের সীমিত ওভারের দুই দলে। টেস্ট অভিষেকেই গতি দিয়ে আলোচনায় আসার পাশাপাশি ব্যাট হাতেও খেলেছিলেন দারুণ এক ইনিংস। তবে এখনো ওয়ানডে বা টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তাঁর।
এদিকে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে আবারও ফিরেছেন শন টেইট। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে এক বছর পাকিস্তানের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। এবার অ্যাশলি নফকির জায়গায় দায়িত্ব নিচ্ছেন অস্ট্রেলিয়ান এই কোচ। নফকি নেদারল্যান্ডসের প্রধান কোচের দায়িত্ব নিতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
পাকিস্তানে ফেরার আগে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে এক বছর কাজ করেছেন টেইট। তাঁর সময়ে বাংলাদেশের পেস আক্রমণে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। তাঁর অধীনে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পাশাপাশি টেস্ট সিরিজেও বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে।