Advertisement
Us Bangla Airlines
ডোনাল্ড-ভিলিয়ার্সকে নিয়োগ দিতে চায় বিসিবি!

ডোনাল্ড-ভিলিয়ার্সকে নিয়োগ দিতে চায় বিসিবি!

খেলা ডেস্ক

০৭ অক্টোবর ২০২৬, ১৫:০২

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তিতে পরামর্শক হিসেবে সাবেক টাইগার কোচ অ্যালান ডোনাল্ড ও প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

বিশ্বকাপের ভেন্যু ও কন্ডিশন বিবেচনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিতে চায় বিসিবি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এরই মধ্যে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার ম্যালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দলের কোচিং প্যানেলেও যোগ দিয়েছেন তিনি।

তবে বিশ্বকাপের প্রস্তুতি শুধু কোচিং প্যানেলেই সীমাবদ্ধ রাখতে চায় না বিসিবি। প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞ সাবেক ক্রিকেটার ও কোচদের পরামর্শ নেওয়ার কথাও ভাবছে বোর্ড। সেই তালিকায় ডি ভিলিয়ার্সের পাশাপাশি ডোনাল্ডের নামও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রাব্বানী।

কোচ ও পরামর্শক নিয়ে তিনি বলেন, ‘এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। ডি ভিলিয়ার্সসহ আরও কয়েকজনের নাম বোর্ডের বিবেচনায় রয়েছে।’

পরামর্শক নিয়োগের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়েই আছে বলে জানিয়েছেন বিসিবির কোচ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, ২০২৭ বিশ্বকাপকে ঘিরে জাতীয় দল নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বোর্ডের। তবে সেগুলোর বাস্তবায়ন নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্তের ওপর।

দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ হওয়ায় সেখানকার কন্ডিশন সম্পর্কে বাড়তি ধারণা পেতে মাকেতার মতো স্থানীয় অভিজ্ঞদের পাশাপাশি ডোনাল্ড ও ডি ভিলিয়ার্সের মতো পরিচিত মুখদেরও কাজে লাগাতে চায় বিসিবি। তবে পরামর্শক হিসেবে তাঁদের কাউকেই দীর্ঘমেয়াদি চুক্তিতে আনার পরিকল্পনা এখনো নেই।