ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে নাসুম, সেরা দশে মেহেদী
খেলা ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৭:০৫
এশিয়ান গেমসে বাংলাদেশ দলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অষ্টম স্থানে উঠেছেন নাসুম। তার সঙ্গে সেরা দশে জায়গা করে নিয়েছেন শেখ মেহেদী।
বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন মেহেদী। টি-টোয়েন্টিতে এর আগে তাঁর সর্বোচ্চ র্যাঙ্কিং ছিল অষ্টম। এশিয়ান গেমসের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একটি উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন এই অফ স্পিনার।
মেহেদীর চেয়েও এক ধাপ ওপরে আছেন নাসুম। বাঁহাতি এই স্পিনার এগিয়েছেন তিন ধাপ। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে একটি উইকেট নেওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২ ওভারে মাত্র ৮ রান দেন তিনি। এই পারফরম্যান্সই তাঁকে ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের আট নম্বরে তুলে দিয়েছে। এর আগে টি-টোয়েন্টিতে নাসুমের সর্বোচ্চ অবস্থান ছিল দশম।
বাংলাদেশের আরেক স্পিনার রিশাদ হোসেনও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। এশিয়ান গেমসে দুই ম্যাচে একটি করে উইকেট নেওয়া এই লেগ স্পিনার দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৬ নম্বরে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে উন্নতি হয়েছে কেবল তাওহীদ হৃদয়ের। পাকিস্তানের বিপক্ষে ৪২ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১১ রান করে তিন ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন তিনি। তবে পিছিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে ওপরে থাকা তানজিদ হাসান। চার ধাপ নেমে যৌথভাবে ২১ নম্বরে অবস্থান করছেন এই ওপেনার।
এমআই