অধিনায়ক বদলাতেই ‘মুখ দেখাদেখি বন্ধ’ ভারতীয় অধিনায়কদের!
খেলা ডেস্ক
০৭ অক্টোবর ২০২৬, ১৯:২০
অধিনায়ক বদলের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় নারী ক্রিকেট দলে অস্বস্তির খবর সামনে এসেছে। হরমনপ্রীত কৌর তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার পর স্মৃতি মন্ধানাকে নতুন অধিনায়ক করার ঘোষণা আসে। এরপরই হরমনপ্রীত ও স্মৃতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং দলের ভেতরে বিভাজনের দাবি করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি সূত্র।
পিটিআইকে ভারতীয় দলের এক সূত্র জানিয়েছেন, হরমনপ্রীত ও স্মৃতির মধ্যে এখন কথা বলার মতো পরিস্থিতিও নেই। সূত্র বলছে, ‘এখন ওদের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। ফলে দলের মধ্যেও একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।’
নতুন অধিনায়ক হিসেবে স্মৃতির নাম সামনে আসার পরই পুরোনো নেতৃত্ব নিয়ে আলোচনা নতুন করে শুরু হয়েছে। সূত্রটির দাবি, দীর্ঘদিন ধরেই নেতৃত্বের প্রত্যাশা ছিল স্মৃতির। তবে নির্বাচকেরা হরমনপ্রীতের ওপরই আস্থা রেখেছিলেন। এবার অবশ্য অধিনায়ক বদলে তারা সায় দিয়েছেন।
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্ব থেকে ভারতের বিদায়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। নির্বাচকেরা মনে করেন, ৩৭ বছর বয়সী হরমনপ্রীতের জায়গায় নতুন নেতৃত্বের প্রয়োজন। তাকে টেস্ট ও ওয়ানডের অধিনায়কত্ব রেখে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
তবে সেই প্রস্তাবে রাজি হননি হরমনপ্রীত। তিনি তিন ফরম্যাটের নেতৃত্বই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। নির্বাচকেরাও সেটি মেনে নেন। এরপরই তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে স্মৃতিকে বেছে নেওয়া হয়।
অধিনায়কত্বের এই পরিবর্তন নিয়ে এর আগেও নিজের মত জানিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর তিনি বলেছিলেন, দুই-তিন বছর আগেই স্মৃতিকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া উচিত ছিল।
তবে হরমনপ্রীত ও স্মৃতির সম্পর্ক নিয়ে ওঠা সাম্প্রতিক দাবিগুলো এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ফলে নতুন নেতৃত্বের শুরুতেই ভারতীয় নারী ক্রিকেট দলের অন্দরমহল নিয়ে তৈরি হওয়া এই অস্বস্তি কতটা গভীর, সেটিই এখন দেখার বিষয়।
এমআই