Advertisement
Us Bangla Airlines
বিসিবি ছেড়ে এবার পাকিস্তান ক্রিকেটে বুলবুল

বিসিবি ছেড়ে এবার পাকিস্তান ক্রিকেটে বুলবুল

খেলা ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১৬:৪১

দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির অধ্যায় শেষ করে এবার পাকিস্তান ক্রিকেটে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন তিনি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এই ক্রিকেটার।

আজ এক বিবৃতিতে বুলবুলের নিয়োগের খবর জানিয়েছে লাহোর কালান্দার্স। নতুন দায়িত্বে দলটির হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়ন, ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি, কোচিং কার্যক্রমের মানোন্নয়ন এবং তরুণ প্রতিভাদের পরিচর্যায় পরামর্শ দেবেন তিনি।

বাংলাদেশেও নিজেদের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে লাহোরের। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের প্রসার এবং প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনতে বুলবুলের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় তাকে গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতির দায়িত্ব হারানোর পর অনেকটা আড়ালে চলে গিয়েছিলেন বুলবুল। দায়িত্বচ্যুত হওয়ার পর নতুন বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জড়িয়েছিলেন। আইসিসির কাছেও অভিযোগ জানিয়েছিলেন। এরপর আর খোঁজ মিলেনি। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই আপাতত নতুন কর্মপরিসর তৈরি হলো তার।

ক্রিকেট প্রশাসনে বুলবুলের অভিজ্ঞতার ঝুলি অবশ্য বেশ সমৃদ্ধ। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও। এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার ও উন্নয়নেও ভূমিকা রেখেছেন।

খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় নাম বুলবুল। ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ২০০০ সালে দেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৪৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলে জায়গা করে নিয়েছেন ক্রিকেট ইতিহাসে।