৩৪ বছর পর টেস্টে এমন কিছু দেখা গেল
খেলা ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৯:৪১
টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তির সাক্ষী হলো রাওয়ালপিন্ডি। শ্রীলংকার বিপক্ষে সিরিজের টেস্টে পাকিস্তানের তিন তরুণ ক্রিকেটার অভিষেকেই তুলে নিয়েছেন ফিফটি। ছেলেদের টেস্ট ক্রিকেটে একই ইনিংসে এক দলের তিন অভিষিক্ত ব্যাটসম্যানের পঞ্চাশোর্ধ্ব রান করার ঘটনা দেখা গেল ৩৪ বছর পর।
পাকিস্তানের হয়ে এই কীর্তি গড়েছেন তায়াব আরিফ, মোহাম্মদ তাহা ও আরাফাত মিনহাস। অভিষেক ইনিংসে তায়াবের ব্যাট থেকে এসেছে ৫৭ রান। তাহা করেছেন ৫১। আজ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন আরাফাত, তার সংগ্রহ ৫২ রান।
এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯২ সালে। ভারতের বিপক্ষে হারারেতে এক ইনিংসে তিন অভিষিক্ত ব্যাটসম্যানের ফিফটির নজির গড়েছিল জিম্বাবুয়ে। সেদিন অভিষেকেই গ্র্যান্ট ফ্লাওয়ার ৮২, ডেভ হটন ১২১ এবং অ্যান্ডি ফ্লাওয়ার ৫৯ রানের ইনিংস খেলেছিলেন। দীর্ঘ ৩৪ বছর পর সেই বিরল কীর্তিতে এবার ভাগ বসাল পাকিস্তান।
অভিষিক্ত তিন তরুণের পাশাপাশি পাকিস্তানের হয়ে ব্যাট হাতে অবদান রেখেছেন বাবর আজম ও সৌদ শাকিলও। দুজনই পেয়েছেন ফিফটির দেখা। বাবর করেছেন ৫০ রান, আর ইনিংসের সর্বোচ্চ ৯৩ রান এসেছে শাকিলের ব্যাট থেকে। সব মিলিয়ে প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪৩৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ১১৪ রান। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩২০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা। দিন শেষে কামিন্দু মেন্ডিস ৪০ এবং ধনঞ্জয়া ডি সিলভা ২২ রানে অপরাজিত আছেন।