Advertisement
Us Bangla Airlines
আগ্রাসী জাওয়াদের ব্যাটে এবার ধৈর্যের শতক

আগ্রাসী জাওয়াদের ব্যাটে এবার ধৈর্যের শতক

খেলা ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১৮:১৫

ব্যাট হাতে আগ্রাসনই তার সহজাত বৈশিষ্ট্য। ক্রিজে নেমেই বোলারদের ওপর চড়াও হওয়া, সুযোগ পেলেই সীমানাছাড়া করা। তবে অতিরিক্ত আগ্রাসনের মাশুলও কম দিতে হয়নি তাকে। এবার সেই জাওয়াদ আবরারই দেখালেন ভিন্ন এক রূপ। শূন্য রানে আউট হওয়ার হতাশা পেছনে ফেলে ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহের বিপক্ষে ম্যাচে বরিশালের হয়ে খেলছেন এই ওপেনার। চট্টগ্রামে ম্যাচের প্রথম ইনিংসে আবু হায়দার রনির প্রথম বলেই শট খেলতে গিয়ে উইকেট হারান তিনি। তবে প্রথম ইনিংসের শূন্য রানে আউট হওয়ার ব্যর্থতা দ্বিতীয় ইনিংসে দারুণভাবে পুষিয়ে দিয়েছেন তরুণ এই ব্যাটার।

এবার আর শুরু থেকেই বোলারদের ওপর ঝাঁপিয়ে পড়েননি জাওয়াদ। বরং উইকেটে সময় দিয়েছেন, খেলেছেন হিসাব করে। গতকাল দিনের খেলা শেষে ৮৩ রানে অপরাজিত ছিলেন তিনি। আজ সকালে আবার ব্যাট হাতে নেমে পূর্ণ করেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২৪৪ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কায় ১০৮ রান করে থামেন এই ওপেনার।

লাল বলের ক্রিকেটে শুধু আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে বড় ইনিংস গড়া যায় না। এখানে ধৈর্য, মনোযোগ আর উইকেটে টিকে থাকার মানসিকতাই বড় পরীক্ষা। জাওয়াদ এবার সেই পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন। প্রথম ইনিংসে প্রথম বলেই শূন্য রানে ফেরা ব্যাটার দ্বিতীয় ইনিংসে খেললেন ২৪৪ বলের পরিণত এক ইনিংস।

এর আগে রাজশাহীর বিপক্ষে ৯১ রানে আউট হয়েছিলেন জাওয়াদ। সেই ইনিংসও ছিল তার জন্য শেখার উপলক্ষ। এবার ময়মনসিংহের বিপক্ষে একই ম্যাচে ব্যর্থতা ও সাফল্যের দুই অভিজ্ঞতাই পেলেন তিনি। আগ্রাসী ব্যাটিংয়ের পরিচিত ছাপের বাইরে গিয়ে জাওয়াদ ধৈর্যের যে দৃষ্টান্ত রাখলেন, সেটিই হতে পারে তার ব্যাটিং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা।