Advertisement
Us Bangla Airlines
অধিনায়ক হতে রাজি হামজা, জিততে চান সাফ

অধিনায়ক হতে রাজি হামজা, জিততে চান সাফ

খেলা ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১৮:৩৮

বাংলাদেশের ফুটবলে হামজা দেওয়ান চৌধুরী এখন বড় এক ভরসার নাম। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপে খেলার অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে যোগ দিয়েছেন তিনি। লেস্টার সিটির হয়ে করেছেন অধিনায়কত্ব। দীর্ঘদিন ধরে জামাল ভূঁইয়ার হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার হামজার হাতে উঠবে কি না, তা নিয়ে আলোচনা কম হয়নি। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন এই মিডফিল্ডার। কোচ চাইলে অধিনায়ক হতে আপত্তি নেই তার।

মঙ্গলবার বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটিতে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হামজা। অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইফ দ্য কোচ ওয়ান্টস মি টু বি ক্যাপ্টেন, আই উইল বি ক্যাপ্টেন।’ তবে অধিনায়কত্ব নিয়ে আলাদা কোনো আগ্রহ দেখাতে চান না হামজা। জাতীয় দলে তার চেয়ে বেশি অভিজ্ঞ ফুটবলার রয়েছেন বলেও মনে করিয়ে দিয়েছেন। 
যারা বাংলাদেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন, তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘দেয়ার আর মোর এক্সপেরিয়েন্সড প্লেয়ার্স দ্যান মি ইন দ্য টিম দ্যাট হ্যাভ প্লেড অলমোস্ট ১০০ টাইমস ফর বাংলাদেশ। সো আই থিঙ্ক দ্যাটস হোয়াটস ইম্পর্ট্যান্ট।’

অধিনায়ক যিনিই হোন, দলের মধ্যে বোঝাপড়া ও একতা অটুট রয়েছে বলে মনে করেন হামজা। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘অ্যান্ড ইউ নো ইন দ্য চেঞ্জিং রুম এভরিওয়ান ইজ অন দ্য সেইম পেইজ, ইটস ভেরি মাচ আ ফ্যামিলি ফিল। হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। অ্যান্ড ইউ নো ইটস হোয়াটএভার দ্য ডিসিশন।’

বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক গত বছরের মার্চে, ভারতের শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর বাছাইপর্বের ছয় ম্যাচের পাশাপাশি নেপাল ও ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছেন তিনি। এবার প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার অপেক্ষা তার। ২০০৩ সালের পর আবারও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

দেশের মানুষের প্রত্যাশা সম্পর্কে ভালোভাবেই জানেন এই মিডফিল্ডার। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা এবং ভারতের বিপক্ষে জয় থেকে আত্মবিশ্বাস পেয়েছে দল। তবে নিজেদের আরও ভালো করার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। এই টুর্নামেন্টে ভালো কিছু করার পাশাপাশি শিরোপা জয়ের আশাও দেখছেন হামজা।

তিনি আরও বলেন, ‘আমি জানি, দেশবাসী শিরোপা চায়। আমার ও দলের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে। সিঙ্গাপুর, হংকংয়ের সঙ্গে আমরা খেলেছি, অলরেডি ইন্ডিয়ারে বিট করছি। আমরা জানি আমরার আরও লেভেলস আছে, আমরা আরও ভালা খেলতাম পারমু। সো ইনশা-আল্লাহ এই স্টেজ ও টুর্নামেন্টে আমরা জিততাম পারমু।’