চাকরি টিকিয়ে রাখতে জ্যোতিদের কথা মতো চলতেন কোচরা!
খেলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৩:৫৮
বাংলাদেশ নারী ক্রিকেটে কোচিংয়ের স্বাধীনতা কতটা ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাবেক কোচ সারোয়ার ইমরান। চাকরি হারানোর ভয়ে জ্যোতিদের কথা মতো চলতেন কোচিং স্টাফের অনেকেই, এমন অভিযোগ তুলেছেন তিনি। এমন সংকীর্ণ মানসিকতায় নারী ক্রিকেটের উন্নতি সম্ভব নয় বলে মনে করেন দেশবরেণ্য এই কোচ।
নারী দলের খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী কোচদের চলার প্রবণতা নিয়ে সরাসরি কথা বলেছেন ইমরান। তার দাবি, ফিটনেস থেকে শুরু করে ব্যাটিং, পেস কিংবা স্পিন বোলিং, প্রায় সব ক্ষেত্রেই খেলোয়াড়দের মতামতকে প্রাধান্য দিতেন অন্য কোচরা। তবে দায়িত্বে থাকাকালে সেই ধারার বাইরে গিয়ে নিজের মতো করে কাজ করার চেষ্টা করেছিলেন তিনি।
সম্প্রতি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই কোচ বলেন, ‘অন্যান্য কোচরা মোটামুটি মেয়েরা যা বলে সেটাই শুনে। ওইখানে আমি হস্তক্ষেপ করেছিলাম। সেটা ফিটনেসে হোক, পেস বোলিং হোক কিংবা স্পিন বোলিং বা ব্যাটিং।’
কেন কোচরা খেলোয়াড়দের ইচ্ছার বিরুদ্ধে যেতে চাইতেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন ইমরান। তিনি বলেন, ‘কমফোর্ট জোনে কেউ যারা ছিল তারা সবাই কোনো মতে মানায় নিচ্ছিল। চাকরিটা ঠিক থাকলো, কোচের চাকরিটা ঠিক থাকলো এইটাই। মানে সবাই চাকরিটা টিকে রাখার একটা চেষ্টা করে। এরকম ভীতি নিয়ে তো একটা দলের কোনো উন্নতি হতে পারে না।’
কোচের কাজ শুধু খেলোয়াড়দের মন জুগিয়ে চলা নয়, প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেওয়াও। এই জায়গায় সম্পর্কের চেয়ে পেশাদারত্বকে বেশি গুরুত্ব দেন সারোয়ার ইমরান।
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমি উগ্র মেজাজি হতে পারি, কিন্তু কোচিংয়ে আমি প্রফেশনাল। আমি কোথায় কী করতে হয়, জানি। কোচ কখনো প্লেয়ারদের বন্ধু হবে না। আমি যদি প্লেয়ারের বন্ধু হই, আমি প্লেয়ারকে ড্রপ দিতে পারব না।’