বাদ পড়েও ফের আইপিএলে নাম দিলেন মোস্তাফিজ
খেলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৭:৩১
গত আইপিএলে দল পেয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় বোর্ডের নির্দেশে স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের এই পেসার। সেই ঘটনার পরও আইপিএলে ফেরার আগ্রহ হারাননি মোস্তাফিজ। আসন্ন আসরের মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল বিসিসিআই। মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটার। এ ছাড়া আরও কয়েকজন আগ্রহ দেখিয়েছেন।
গত আসরে মোস্তাফিজকে ঘিরে তৈরি হয়েছিল বড় বিতর্ক। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে সরিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।
এবার সেই ঘটনার পর নতুন করে আইপিএলে ফেরার অপেক্ষায় মোস্তাফিজ। তবে নিলামে নাম নিবন্ধন করলেই দল পাওয়া নিশ্চিত নয়। শেষ পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী হয় কি না, সেটিই দেখার বিষয়। আসন্ন নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও দল পেয়েছিলেন কেবল মোস্তাফিজ।