ডাবল সেঞ্চুরি করে হৃদয়ের ১১৫ ধাপ উন্নতি
খেলা ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১৫:৩৪
সিলেট টেস্টে ব্যাট হাতে রেকর্ড গড়ার পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৮২ রানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করা এই ব্যাটার এবার উঠে এসেছেন আইসিসির টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ের ৬০ নম্বরে। এক লাফে এগিয়েছেন ১১৫ ধাপ।
সঙ্গীর অভাবে ২৪২ রানেই থামতে হয়েছিল হৃদয়কে। তাসকিন আহমেদ আরও কিছুক্ষণ উইকেটে থাকলে হয়তো ব্যক্তিগত সংগ্রহটা আড়াইশ ছাড়িয়ে যেত। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে নিজের পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হওয়ার পর র্যাঙ্কিংয়েও বড় উন্নতি হলো তার।
হৃদয়ের এমন উন্নতির বিপরীতে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছয় ধাপ, মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এবং জাকের আলী তিন ধাপ পিছিয়েছেন। মুশফিকুর রহিম ও লিটন দাসের অবস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি।
বোলারদের তালিকায় বাংলাদেশের মধ্যে উন্নতি হয়েছে কেবল হাসান মাহমুদের। ছয় ধাপ এগিয়েছেন তিনি। অন্যদিকে সাত ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন তাইজুল ইসলাম। এক ধাপ অবনতি হয়েছে মিরাজেরও। বোলারদের র্যাঙ্কিংয়ে বর্তমানে ২৫ নম্বরে রয়েছেন এই অলরাউন্ডার।
র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে অন্য দলগুলোর ক্রিকেটারদের অবস্থানেও। আফগানিস্তানের রহমত শাহ প্রথমবারের মতো টেস্ট ব্যাটারদের সেরা দশে জায়গা করে নিয়েছেন। টেস্ট র্যাঙ্কিংয়ের যেকোনো বিভাগে সেরা দশে ওঠা আফগানিস্তানের প্রথম ক্রিকেটারও রহমত।
জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন অপরাজিত ডাবল সেঞ্চুরির সুবাদে এগিয়েছেন নয় ধাপ। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যানের। ক্যারিয়ারসেরা ১৯ নম্বরে উঠেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ ১২ ধাপ এগিয়ে ৫২ নম্বরে এবং আমির জাঙ্গু ২৮ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন। অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ উন্নতি হয়েছে জাস্টিন গ্রিভসের, বর্তমানে যৌথভাবে আট নম্বরে রয়েছেন তিনি।