Advertisement
Us Bangla Airlines
২৬ বছরে পারেনি বাংলাদেশ, ১৪ টেস্টেই করে দেখাল আফগান ব্যাটার

২৬ বছরে পারেনি বাংলাদেশ, ১৪ টেস্টেই করে দেখাল আফগান ব্যাটার

খেলা ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১৯:২০

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলা ২৬ বছরের। এই সময়ে ১৬৪টি ম্যাচ খেলেও কোনো ব্যাটারকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে তুলতে পারেনি বাংলাদেশ। অথচ টেস্ট মর্যাদা পাওয়ার পর তুলনামূলক কম সময় ও মাত্র ১৫ ম্যাচ খেলেই তিনটি ব্যক্তিগত ডাবল সেঞ্চুরি পেয়েছে আফগানিস্তান। এবার সেই দেশটির ব্যাটার রহমত শাহ জায়গা করে নিয়েছেন আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে। যা বাংলাদেশের দীর্ঘ পথচলার পাশে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

আফগানিস্তানের হয়ে টেস্টে সর্বোচ্চ রান রহমত শাহর। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছেন এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে খেলেছেন ১৭৩ রানের ইনিংস। সেই পারফরম্যান্সের সুবাদে ছয় ধাপ এগিয়ে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠে এসেছেন আফগান অধিনায়ক। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে টেস্টের যেকোনো বিভাগে সেরা দশে জায়গা পাওয়া প্রথম ক্রিকেটারও তিনি।

অন্যদিকে, ২৬ বছরের টেস্ট অভিজ্ঞতা নিয়েও বাংলাদেশের কোনো ব্যাটার এখন পর্যন্ত এই কীর্তি গড়তে পারেননি। শুধু টেস্টেই নয়, ওয়ানডেতেও ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা হয়নি কোনো বাংলাদেশির। বিপরীতে আফগানিস্তানের একাধিক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন বিভিন্ন সংস্করণের সেরা দশে। টেস্টে রহমত, ওয়ানডেতে গুরবাজ ও ইব্রাহিম এবং টি-টোয়েন্টিতে গুরবাজ, জাজাই ও শাহজাদদের মতো ক্রিকেটাররা এই তালিকায় জায়গা পেয়েছেন।

শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও আফগানিস্তানের উত্থান চোখে পড়ার মতো। রশিদ খানের মতো বোলার বিশ্ব ক্রিকেটে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন। বিপরীতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেলেও ধারাবাহিকভাবে বিশ্বমানের ক্রিকেটার তৈরি করার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটেও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স সন্তোষজনক নয়।

দুই দলের লড়াইয়ে আফগানদের আধিপত্য বেড়েছে। অভিজ্ঞতায় এগিয়ে থেকেও মাঠের পারফরম্যান্সে সেই ব্যবধান ধরে রাখতে পারছে না বাংলাদেশ। আফগানিস্তানের ক্রিকেটযাত্রা তুলনামূলক নতুন হলেও অল্প সময়ের মধ্যে তাদের ক্রিকেটাররা আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন।