Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশকে হালকা ভাবার সুযোগ নেই, দাবি বাভুমার

বাংলাদেশকে হালকা ভাবার সুযোগ নেই, দাবি বাভুমার

খেলা ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১৯:৪২

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজে টাইগারদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বরং বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে বাড়তি সতর্ক তার দল। নিজেদের কন্ডিশনে খেললেও প্রতিপক্ষকে সমীহ করেই মাঠে নামতে চান বাভুমা।

দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসারদের জন্য বরাবরই বাড়তি সুবিধা থাকে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দুটি টেস্ট হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। দুই ভেন্যুতেই গতি ও বাউন্স কাজে লাগাতে পারেন পেসাররা। সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। হাসান ও শরিফুলদের সামর্থ্য সম্পর্কে ভালো ধারণা রয়েছে প্রোটিয়া অধিনায়কের।

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্কতার কথাও স্পষ্ট করে জানিয়েছেন বাভুমা। তিনি বলেন, ‘আমরা যে ভেন্যু দুটিতে বাংলাদেশের বিপক্ষে খেলব, তা ফাস্ট বোলারদের জন্য সহায়ক। আর ফাস্ট বোলিংয়ের প্রাচুর্য বাংলাদেশের আছে। তাই ব্যাটিংয়ে আমাদের সব কাজ ঠিকভাবে করতে হবে। একইসঙ্গে ভালো প্রস্তুতি নিতে হবে। আর মানসিকভাবে কোনো কিছুই হালকাভাবে নেওয়া যাবে না।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনো টেস্ট জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর টাইগারদের সামর্থ্য নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে। বাভুমার কথাতেও সেই সমীহের প্রতিফলন রয়েছে। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে এখন কোনো দলকেই সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই।

প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘ক্রিকেট দুনিয়ায় এখন সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে চাপে ফেলতে পারে। আপনার পরিকল্পনা ভেস্তে দিতে পারে। বাংলাদেশের বিপক্ষে নামার আগে আমরা ভালোভাবে প্রস্তুতি নেব। আমরা অবশ্যই ওদের হালকাভাবে নেব না।’