হামজার দলের বড় জয়, প্রিমিয়ার লিগে খেলতে যা সমীকরণ
খেলা ডেস্ক
১৩ মে ২০২৫, ১৪:২৯
ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে মাঠ মাতিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। চলতি বছর হামজাকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলতে দেয় লেস্টার। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল হিসেবে বর্তমানে খেলছে শেফিল্ড। প্রিমিয়ার লিগে খেলতে চ্যাম্পিয়নশিপের সেরা ৩ দলের একটি হতে হবে হামজাদের। সেই উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশি মিডফিল্ডারের দল।
গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ প্লেঅফ সেমিফাইনালে ঘরের মাঠে ব্রিস্টলকে ৩-০ গোলে হারায় হামজার দল। এর আগে সেমি-ফাইনালের প্রথম লেগে ব্রিস্টলকে তাদের মাঠে একই ব্যবধানে হারিয়ে এসেছে তারা। ফলে ৬-০ গোলের ব্যবধানে এবার ফাইনালে ওঠেছে হামজার দল।

ফাইনালে শেফিল্ডের প্রতিপক্ষ হতে পারে সান্ডারল্যান্ড কিংবা কভেন্ট্রি সিটি। যদিও প্লেঅফ সেমিফাইনালে প্রথম লেগে কভেন্ট্রির মাঠে ২-১ ব্যবধানে জিতে এগিয়ে আছে সান্ডারল্যান্ড। তবে যে দলই ফাইনালে ওঠুক, তাদের হারাতে পারলেই প্রিমিয়ার লিগে জায়গা পাবে হামজারা।
এদিকে প্রথম লেগে জয়ের পর সামাজিক মাধ্যমে হামজা লিখেছিলেন, ‘অর্ধেক কাজ হয়ে গেল, সবার সঙ্গে দেখা হবে সোমবার।’ দ্বিতীয় লেগে বাকি অর্ধেক কাজ শেষ করার পর ২৭ বছর বয়সী তারকার প্রতিক্রিয়া, ‘আলহামদুলিল্লাহ, কী উপভোগ্য এক রাত! আরেকটি বড় প্রচেষ্টা বাকি…সবার সঙ্গে দেখা হবে ওয়েম্বলিতে।’
THIS TEAM.
লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৪ মে চ্যাম্পিয়নশিপ প্লেঅফের ফাইনাল অনুষ্ঠিত হবে। সেই ম্যাচের ওপর নির্ভর করছে হামজাদের প্রিমিয়ার লিগে খেলার ভাগ্য।
ইংলিশ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট থেকে প্রতি বছর ৩টি দল প্রিমিয়ার লিগে খেলে থাকে। এর মধ্যে টুর্নামেন্টটির পয়েন্ট টেবিলের তালিকায় সেরা দুই দল সরাসরি প্রিমিয়ার লিগে যুক্ত হয়। এবার লিডস ইউনাইটেড ও বার্নলি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায়, তারা সরাসরি প্রিমিয়ার লিগে যুক্ত হচ্ছে।

পয়েন্ট টেবিলের তালিকায় তৃতীয় স্থানে ছিল হামজার শেফিল্ড ইউনাইটেড। এবার চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতলেই লিডস ইউনাইটেড ও বার্নলির সঙ্গে প্রিমিয়ার লিগে খেলবে শেফিল্ড।
এমআই