Advertisement
Us Bangla Airlines
এমন হার আগে দেখেনি বাংলাদেশ

এমন হার আগে দেখেনি বাংলাদেশ

খেলা ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫৩

এশিয়ান গেমসের শুরুতেই ভয়াবহ বিপর্যয়ের মুখে বাংলাদেশের নারী ফুটবল দল। শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে সোমবার ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে পিটার বাটলারের দল। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এত বড় ব্যবধানে হার আর কখনো আসেনি।

এর আগে সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড ছিল ২০১৩ সালে। সেবার থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এক যুগেরও বেশি সময় পর সেই দুঃসহ রেকর্ডও ছাড়িয়ে গেল উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের হারে। এর দায়টা অবশ্য বাটলার নিজে নিয়েছেন।

ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে বাংলাদেশকে বিপাকে ফেলেন জন রয়োং জং। এরপর একের পর এক আক্রমণে প্রথমার্ধেই আরও পাঁচবার বাংলাদেশের জালে বল পাঠায় উত্তর কোরিয়া। বিরতিতে ৭-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ম্যাচের আগে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কোচ পিটার বাটলার। সেই পরিকল্পনায় ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারদের শুরুতে বাইরে রেখে একাদশ সাজানো হয় মোমিতা খাতুন, অর্পিতা বিশ্বাস ও সুরভী আফরিনদের নিয়ে। 

উত্তর কোরিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে তরুণদের নিয়ে গড়া দলটি কার্যত প্রতিরোধই গড়তে পারেনি। দ্বিতীয়ার্ধেও থামেনি উত্তর কোরিয়ার গোলের মিছিল। ৫১ মিনিটে রাই সং এবং ৬০ মিনিটে জং জুম গোল করেন। শেষদিকে আরও দুইবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধে ঋতুপর্ণা, মনিকাসহ অভিজ্ঞদের মাঠে নামান বাটলার। ততক্ষণে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরিই উত্তর কোরিয়ার হাতে। বড় ব্যবধানের হার এড়ানোর কোনো সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার পর এবার এশিয়ান গেমসেও ধাক্কা খেল বাংলাদেশের মেয়েরা।