সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের খেলা কবে?
খেলা ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪
বাংলাদেশের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ২০২৬ সালের এই আসরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর শুরু হবে টুর্নামেন্টের মূল লড়াই। ফাইনালের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর।
স্বাগতিক বাংলাদেশ অবশ্য উদ্বোধনী ম্যাচে খেলছে না। ৫ নভেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তবে একই দিন মাঠে নামবে বাংলাদেশও। নিজেদের প্রথম ম্যাচে থমাস ডুলির শিষ্যদের প্রতিপক্ষ ভুটান। অর্থাৎ ৫ নভেম্বরই সাফের মিশন শুরু হবে বাংলাদেশের।
গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১১ নভেম্বর। সেদিন লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। এবারের আসরে প্রতিটি দল গ্রুপ পর্বে দুটি করে ম্যাচ খেলবে।
দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। এরপর ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।
তবে সূচিতে শেষ মুহূর্তে পরিবর্তন আসতে পারে। কারণ ফিফার অনুমোদন সাপেক্ষে নেপালের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। নেপাল টুর্নামেন্টে খেললে গ্রুপের সমীকরণ ও সূচিতে পরিবর্তন আসতে পারে।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ম্যাচ
৫ নভেম্বর: বাংলাদেশ বনাম ভুটান
১১ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
এমআই