Advertisement
Us Bangla Airlines
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলবেন বাংলাদেশি ফুটবলার!

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলবেন বাংলাদেশি ফুটবলার!

খেলা ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১২

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভানের সামনে এখন দারুণ সুযোগ। মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলার হাতছানি পাচ্ছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। চলতি মৌসুমে মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনোর নজরে এসেছেন তিনি।

সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোর জন্য শিগগিরই স্কোয়াড ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত চিলি, পেরু, মেক্সিকো ও কানাডার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। এই সিরিজেই সুলিভানকে দলে নেওয়া হতে পারে বলে প্রথম জানিয়েছিলেন ইএসপিএনের সাংবাদিক জেফ কার্লাইল।

২০২৬ বিশ্বকাপের পর এমএলএস মাঠে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে এখন পর্যন্ত করেছেন ৬ গোল, সঙ্গে আছে ৮টি অ্যাসিস্ট। মাত্র ১৬ বছর বয়সে এমন পারফরম্যান্সই তাকে জাতীয় দলের দরজায় পৌঁছে দিয়েছে।

অবশ্য পচেত্তিনোর নজরে সুলিভান এসেছিলেন এরও আগে, তবে ভিন্ন কারণে। সেপ্টেম্বরের শুরুতে এক পডকাস্ট সাক্ষাৎকারে তরুণ এই ফুটবলার বলেছিলেন, এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেললে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। বিশ্বকাপে শেষ ষোলো থেকে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।

সুলিভানের সেই মন্তব্য পচেত্তিনোরও নজর এড়ায়নি। তখন যুক্তরাষ্ট্র কোচ বলেছিলেন, প্রতিভাবান ও আত্মবিশ্বাসী খেলোয়াড়দের তারা নজরে রাখছেন। তবে মাঠে যা অর্জন করা হয়নি, তা নিয়ে বড় দাবি করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন তিনি।

এখন অবশ্য মাঠের পারফরম্যান্স দিয়েই আলোচনায় সুলিভান। ১৪ বছর বয়সেই পেশাদার ফুটবলে পা রাখা এই তরুণকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৪ সালে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে অভিষেকের সময় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।

কাভানের ফুটবলযাত্রায় বাংলাদেশের যোগসূত্রও রয়েছে পারিবারিকভাবে। ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ তিনি। তার ভাই কুইন সুলিভানও ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন। অন্য দুই ভাই রোনান ও ডেকলান সুলিভান বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন।