Advertisement
Us Bangla Airlines
ঋণের চাপ সামলাতে ঘাস বিক্রি করছে ফুটবল ক্লাব

ঋণের চাপ সামলাতে ঘাস বিক্রি করছে ফুটবল ক্লাব

খেলা ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

মাঠে একদিকে হতাশাজনক পারফরম্যান্স, অন্যদিকে ঋণের পাহাড়। ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা এখন মোটেও স্বস্তির নয়। এমন পরিস্থিতিতে অর্থ জোগাড়ের জন্য ক্লাবটি বেছে নিয়েছে বেশ ব্যতিক্রমী এক পথ। ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ডের মাঠের ঘাস কেটে এবার তা স্মারক হিসেবে সমর্থকদের কাছে বিক্রি করছে রেড ডেভিলসরা।

শুনতে অবাক লাগলেও উদ্যোগটি ইতোমধ্যে সাড়া ফেলেছে। ওল্ড ট্রাফোর্ডের সংস্কারের সময় সংরক্ষণ করে রাখা পুরোনো ঘাসের বিশেষ অংশ কাচের বাক্সে সাজিয়ে বাজারে ছেড়েছে ক্লাব কর্তৃপক্ষ। প্রতিটি স্মারকের দাম ধরা হয়েছে ১২৫ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০ হাজার ৪০০ টাকা।

১৯১০ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ওল্ড ট্রাফোর্ড। গত জুনে প্রায় ১৪ বছর পর প্রথমবারের মতো মাঠটির পুরো অংশ খুঁড়ে ভিত্তি পর্যন্ত সংস্কার করা হয়। খেলোয়াড়দের নিরাপত্তা এবং মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতেই এই কাজ করা হয়।

পুরস্কারজয়ী হেড গ্রাউন্ডসম্যান টনি সিনক্লেয়ার ও তার বিশেষজ্ঞ দল সংস্কারকাজটি পরিচালনা করেন। সংস্কারের সময় মাঠের পুরোনো ঘাসের কিছু অংশ বিশেষভাবে সংরক্ষণ করা হয়। পরে ৭ বাই ৭ সেন্টিমিটার মাপের সেই ঘাস কাচের কিউবের মধ্যে রাখা হয়। কালো কেসে সাজানো এসব স্মারক এখন বিক্রি করছে ক্লাব।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১২ নম্বরে। এর সঙ্গে যোগ হয়েছে আর্থিক চাপ। বুধবার ক্লাবটি টানা সপ্তম বছরের বার্ষিক আর্থিক ক্ষতির কথা জানিয়েছে।

খেলোয়াড়দের পেছনে অতিরিক্ত ব্যয় এবং চলতি বছর কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করার ক্ষতিপূরণসহ বিভিন্ন খরচের কারণে ক্লাবের মোট ঋণের পরিমাণ ১ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে। যদিও ২০২৫-২৬ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড ৬৭৭.৬ মিলিয়ন পাউন্ড রাজস্ব আয় করেছে, তবুও কর-পূর্ববর্তী হিসাবে ৪৩ মিলিয়ন পাউন্ড লোকসান হয়েছে।

শুধু তাই নয়, নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাতেও বড় অঙ্কের অর্থ ব্যয় করছে ক্লাবটি। নতুন স্টেডিয়ামের জন্য জমি কিনতেই খরচ হয়েছে প্রায় ৬৩.৫ মিলিয়ন পাউন্ড। পুরো প্রকল্পের ব্যয় দুই বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।